দিল্লির সেই ছাত্রী ও বন্ধুকে বাসে উঠতে প্রলুব্ধ করা হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার সেই মেডিকেল ছাত্রী ও তাঁর ছেলেবন্ধুকে প্রলোভন দেখিয়ে বাসে তোলা হয়েছিল বলে ওই ঘটনায় অভিযুক্ত একমাত্র কিশোর আসামি জানিয়েছে। সে জানায়, স্রেফ মজা করতে গিয়ে অভিযুক্তরা ভয়াবহ এ ঘটনা ঘটিয়েছেন।১৭ বছরের ওই কিশোর আসামিকে গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ তিন বছর সাজা হতে পারে। তবে একই ঘটনায় অভিযুক্ত অন্য পাঁচ প্রাপ্তবয়স্ক আসামির সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড।সেই রাতের বর্ণনা দিতে গিয়ে অভিযুক্ত কিশোর জানায়, বাসচালক রাম সিং মজা করার কথা বলে তাকে (কিশোর) ডেকে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘চল্, আজ রাতে মজা করি।’ পরে অন্য অভিযুক্তদের সঙ্গে সে-ও বেরিয়ে পড়ে। কিশোর জানায়, মেডিকেল ছাত্রী তাঁর বন্ধুকে নিয়ে বাসে ওঠার সময় তাঁদের কাছে ১০ রুপি ভাড়া চাওয়া হয়। এর উদ্দেশ্য ছিল একটাই—যাতে তাঁরা মনে করেন, এটি স্বাভাবিক কোনো বাস। কিশোর জানায়, বাসে ওঠার পরপরই রাম সিং ছাত্রী ও তাঁর বন্ধুর ওপর হামলা চালান। রাম সিং ছাত্রীটির বন্ধুর কাছে জানতে চান, ‘তুমি কোথায় যাচ্ছ?’ জবাবে বন্ধু বলে, ‘এ দিয়ে আপনার দরকার কী?’ এতে রাম সিং খেপে গিয়ে বন্ধুটিকে চড় মারেন। বন্ধুও ঠেলা মেরে রাম সিংকে দূরে সরিয়ে দেন। এরপর অভিযুক্ত সবাই বন্ধুটিকে লাথি ও ঘুষি মারতে শুরু করেন। একপর্যায়ে রাম সিং রড দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। বন্ধুটি কুপোকাত না হওয়া পর্যন্ত তাকে রড দিয়ে আঘাত করতে থাকেন রাম সিং।কিশোর জানায়, বন্ধুকে আহত করার পর রাম সিং সবার আগে ছাত্রীটিকে ধর্ষণ করেন। এ সময় ছাত্রীটি চিত্কার ও আর্তনাদ করতে থাকেন। কিন্তু বাকি সবাই বাসটির চলন্ত অবস্থাতেই একের পর এক তাঁকে ধর্ষণ করতে থাকেন। তাঁরা এ সময় ছাত্রীটির দেহের বিভিন্ন অংশে আঘাতও করেন। ধর্ষণ শেষে অপর অভিযুক্ত অক্ষয় ঠাকুর বলেন, ‘চল্, ওদের বাসের নিচে ফেলে দেই।’ এরপর দুজনকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। পরে অভিযুক্তরা বাসটি পরিষ্কার করেন এবং ভুক্তভোগীদের জিনিসপত্র নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন।অভিযুক্ত কিশোরের আইনজীবী অভিযোগ করেছেন, নির্যাতন চালিয়ে তাঁর মক্কেলের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে। তিনি দাবি করেন, এই স্বীকারোক্তির কোনো আইনি ভিত্তি নেই। ১৮ বছরের নিচে বয়স হওয়ায় ষষ্ঠ এই অভিযুক্তের কিশোর আদালতে বিচার চলছে। তবে অন্য অভিযুক্তদের বিচার চলছে দ্রুত বিচার আদালতে। গত ১৬ ডিসেম্বর গণধর্ষণের শিকার ওই ছাত্রী (২৩) দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। প্রথমে তাঁকে দিল্লির একটি হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি ঘটায় সেখান থেকে তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে তাঁর বন্ধু বেঁচে আছে। এ ঘটনায় ভারতসহ বিশ্বের বিভিন্ন স্থানে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সবাই অপরাধীদের শাস্তি দাবি করেন।টেলিগ্রাফ।