দীপা দাশমুন্সিকে হারাতে মমতার অস্ত্র দেবর!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির স্ত্রী দীপা দাশমুন্সির কখনো সুসম্পর্ক ছিল না। দুজন দুজনকে নিজেদের প্রতিপক্ষ হিসেবে দেখে থাকেন। সেই কংগ্রেস-তৃণমূল জোটের সময়ও দেখা গেছে একই চিত্র।
দীপা দাশমুন্সি ২০০৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আসন থেকে জয়ী হয়েছিলেন। তখন কংগ্রেস-তৃণমূল জোট ছিল। ওই সময়ও মমতা কংগ্রেস নেত্রীকে হারাতে কম চেষ্টা করেননি। নির্দলীয় প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিলেন তাঁর আস্থাভাজন আবদুল করিম চৌধুরীকে। তিনি জয়ী হতে পারেননি।
২০১১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে এখন করিম চৌধুরী পশ্চিমবঙ্গের মন্ত্রী। দীপার স্বামী সাবেক কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন প্রায় ছয় বছর ধরে কোমায়। স্বামীর আসনে গতবারের মতো এবারও লড়ছেন দীপা। তিনি এখন কেন্দ্রীয় নগর উন্নয়ন প্রতিমন্ত্রী।
এবার কংগ্রেস নেত্রীকে হারাতে মমতা তাঁর বিপক্ষে প্রার্থী করেছেন দীপার দেবর সত্যরঞ্জন দাশমুন্সিকে। অন্যদিকে বামফ্রন্ট মনোনয়ন দিয়েছে সিপিএম নেতা সাবেক সাংসদ মহম্মদ সেলিমকে। বিজেপির হয়ে লড়ছেন চলচ্চিত্র তারকা নিমু ভৌমিক। এই আসনের নির্বাচন আগামী ২৪ এপ্রিল।