দীর্ঘ লড়াইয়ের মুখে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র সপ্তাহ খানেক আগের কথা৷ মনে হচ্ছিল, পাকিস্তান তালেবান বুঝি নিজের পতনের ক্ষণ গণনা করছে৷ অন্তঃকোন্দল এতটাই তুঙ্গে উঠেছিল, জঙ্গি সংগঠনটি দুই ভাগ হয়ে পড়েছিল৷ অন্যদিকে সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেঙে পড়া আর উপজাতি অধ্যুষিত এলাকায় জঙ্গি ঘাঁটিতে অব্যাহত যুদ্ধবিমান হামলায় দিশেহারা হয়ে উঠেছিল তালেবান৷
সেই তালেবানের একটি জঙ্গি বাহিনী গত রোববার রাতে নিরাপত্তা বাহিনীর ছদ্মবেশে কড়া নিরাপত্তাবেষ্টিত করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকে পড়েছিল৷ তারা সঙ্গে নিয়ে গিয়েছিল ভারী অস্ত্রশস্ত্র, শুকনো খাবার ও পানি৷ এর অর্থ, জঙ্গিরা দীর্ঘ সময় বিমানবন্দরটি দখলে রাখার পরিকল্পনা নিয়েছিল; লক্ষ্য ছিল বড় কিছু ঘটানো৷
ঘটনা শুরুর পাঁচ ঘণ্টার মাথায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে ১০ জঙ্গি নিহত হয়৷ এদের মধ্যে লড়াইয়ে টিকতে না পেরে বোমা ফাটিয়ে আত্মঘাতী হয় তিনজন৷ দুঃসাহসী এই হামলা পাকিস্তান রাষ্ট্রকে নাড়িয়ে দিয়েছে৷ অন্তঃকোন্দল সত্ত্বেও তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) যে এখনো পাকিস্তানের জন্য বিরাট এক হুমকি—এর মাধ্যমে তার জানান দিল৷
আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতি এলাকাগুলো টিটিপির ঘাঁটি বলে পরিচিত৷ সেখান থেকে বহু দূরে ব্যস্ততম একটি বিমানবন্দরে হামলা চালিয়ে মূলত টিটিপি বুঝিয়ে দিল, তার হাত কতটা লম্বা৷ হামলায় কয়েকজন উজবেক নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে পরিষ্কার হয়ে গেল, টিটিপি বড় কোনো লক্ষ্যবস্তুতে হামলার জন্য আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ককে কাজে লাগাতে সক্ষম৷
দুই সপ্তাহ আগে টিটিপি দুই ভাগ হওয়ার পর বিশ্লেষকেরা বেলছিলেন, জঙ্গি সংগঠনটি বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা হারাবে৷ তবে করাচি বিমানবন্দরের ঘটনা সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে৷
পাকিস্তানের পররাষ্ট্র বিভাগের সাবেক কর্মকর্তা নাজমুদ্দিন শেখ বলেন, জঙ্গি সংগঠনটি বরং এখন বহু মাথাওয়ালা দানবে পরিণত হয়েছে৷
তালেবানের শক্তির বড় উৎস হচ্ছে দক্ষিণ ওয়াজিরিস্তানে তাদের সহযোগী সংগঠনগুলো৷ এর মধ্যে রয়েছে আলোচিত হাক্কানি নেটওয়ার্কও৷ ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন সামরিক আগ্রাসনের পর থেকেই আফগান সীমান্তবর্তী ওই এলাকা জিহাদি অর্থ, আদর্শ ও বিদেশি যোদ্ধাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে৷ বিদেশি যোদ্ধাদের মধ্যে রয়েছে চেচেন, আরব, মধ্য এশীয় এবং কিছু পশ্চিমা নাগরিকও৷ এদের মধ্যে উজবেক যোদ্ধারা দুর্ধর্ষ হিসেবে পরিচিত৷ গত দুই বছরে কারাগারে বড় ধরনের দুটি হামলা চালিয়ে যোদ্ধাদের ছিনিয়ে নেওয়া ও পেশোয়ার বিমানবন্দরে হামলার সম্মুখভাগে ছিল উজবেক যোদ্ধারা৷ এবার করাচি বিমানবন্দরে হামলায়ও ছিল তারা৷
তালেবানের সঙ্গে সংলাপ নাকি যুদ্ধ—পাকিস্তান সরকার কোন পথ বেছে নেবে, তা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার উপলক্ষ তৈরি করে দিয়েছে করাচিতে হামলা৷ প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কয়েক দিনের মধ্যে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বসে করাচি হামলার সম্ভাব্য জবাব দেওয়ার বিষয়টি ঠিক করবেন বলে কর্মকর্তারা জানান৷
যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের পারডি স্কুল অব গ্লোবাল স্টাডিজের পাকিস্তানি বিশ্লেষক আদিল নাজাম বলেন, করাচি হামলা দেখিয়ে দিয়েছে, পাকিস্তানে একটা সুদীর্ঘ লড়াই হতে যাচ্ছে৷
করাচিতে হামলার তালেবানের দুঃসাহস হয়তো ওয়াজিরিস্তানে সামরিক হামলা ত্বরান্বিত করতে পারে৷ গত কয়েক সপ্তাহে উত্তর ওয়াজিরিস্তানের জ্যেষ্ঠ উপজাতি নেতারা পেশোয়ারে সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন৷ তার অর্থ, ওই নেতাদের সমর্থন নিয়ে সেখানে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতি আগে থেকেই চলছে৷
সাবেক কূটনীতিক নাজমুদ্দিন শেখ বলেন, ‘টিটিপি সংলাপের রাস্তা বন্ধ করে দিয়েছে৷ আর সেনাবাহিনী ভালো করেই জানে, তারা যদি জঙ্গিদের শিকড় হাতের নাগালে পেয়ে যায়, তবে শাখা-প্রশাখা এমনিতেই ভেঙে পড়বে৷’
তবে তালেবানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সমস্যা দুটি: গোয়েন্দা ব্যর্থতা ও রাজনীতি৷ তালেবানের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য পাকিস্তানের সেনাবাহিনী হাক্কানি নেটওয়ার্ক ও লস্কর-ই-তাইয়েবার মতো কিছু জঙ্গি গ্রুপকে আগে হাতে রেখেছিল৷ এখন তারা কয়েক দশকের সেই নীতি থেকে সরে এসেছে৷ পাশাপাশি প্রধানমন্ত্রী নওয়াজের সঙ্গেও সেনাবাহিনীর মন-কষাকষি রয়েছে৷ কেননা, নওয়াজ এখনো মনে করেন, শান্তি আলোচনার মাধ্যমেই জঙ্গিবাদের সমস্যার সমাধান করা সম্ভব৷
বিশ্লেষক নাজাম বলেন, তালেবান এখন উপদলে বিভক্ত হয়ে পড়েছে৷ বিভিন্ন গ্রুপ বিভিন্ন পথে সরকারের বিরুদ্ধে লড়াই চালাবে৷ সুতরাং এখন প্রকৃত পরীক্ষা হচ্ছে, দেশের রাজনৈতিক ইচ্ছা ঠিকমতো কাজ করবে কি না৷ নিউইয়র্ক টাইমস৷