দুঃখ প্রকাশ করলেন সারাহ ফার্গুসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করলেন ব্রিটেনের ডাচেস অব ইয়র্ক সারাহ ফার্গুসন। তিনি তাঁর সাবেক স্বামী ব্রিটেনের আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগবিষয়ক বিশেষ প্রতিনিধি প্রিন্স অ্যান্ডু্রর সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়ার বিনিময়ে ব্যবসায়ী ছদ্মবেশী এক সাংবাদিকের কাছ থেকে পাঁচ লাখ পাউন্ড দাবি করেছিলেন। ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ডে গত রোববার এ খবর প্রকাশের পর এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন ফার্গুসন। তিনি বলেন, ‘এ ঘটনায় আমি “লজ্জিত” ও “গভীরভাবে অনুতপ্ত”। এটা ঠিক, আমি আর্থিকভাবে কিছুটা খারাপ অবস্থায় আছি। কিন্তু এটা অবিবেচনাপ্রসূত, এই ঘটনার কোনো অজুহাত হতে পারে না।’ ফার্গুসনের একজন মুখপাত্র জানান, এ ঘটনায় ফার্গুসন একেবারে মুষড়ে পড়েছেন।ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় পুত্র প্রিন্স অ্যান্ড্রু। ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারীর তালিকায় তাঁর অবস্থান চার নম্বরে। বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে ফার্গুসনের এই ঘটনার সঙ্গে প্রিন্স অ্যান্ড্রুর কোনো সম্পর্ক নেই বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নিউজ অব দ্য ওয়ার্ল্ডের এক সাংবাদিক ভারতীয় ব্যবসায়ীর ছদ্মবেশে ফার্গুসনের সঙ্গে দেখা করেন। ওই সাংবাদিকের রেকর্ড করা ভিডিওচিত্রে দেখা গেছে, প্রিন্স অ্যান্ডু্রর সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে ফার্গুসন তাঁর কাছ থেকে ৪৮ হাজার ডলার নেন। ভিডিওতে ফার্গুসনকে বলতে শোনা যায়, ‘আপনার জন্য আমি যেকোনো দরজাই খুলে দিতে পারি। অ্যান্ড্রু আমাকে বলেছেন, তাঁকে পাঁচ লাখ ইউরো দিতে হবে।’ টাইমস অব ইন্ডিয়া।