দুঃখ প্রকাশ করার দাবি জানিয়ে ওয়াশিংটনকে তেহরানের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্রের যে অভিযোগ আনা হয়েছে, সে জন্য ওয়াশিংটনকে দুঃখ প্রকাশ করার দাবি জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত গতকাল মঙ্গলবার জানান, দুঃখ প্রকাশের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রে একটি চিঠি পাঠানো হয়েছে।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, রামিন গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘একটি চিঠি পাঠানো হয়েছে...। এ ধরনের মিথ্যা অভিযোগের জন্য যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করতে চিঠি দেওয়ার অধিকার আমাদের রয়েছে।’রামিন জানান, যুক্তরাষ্ট্রের একটি চিঠির জবাবে ইরান ওই চিঠি পাঠিয়েছে। তবে তিনি সংবাদ সম্মেলনে মার্কিন চিঠির বিষয়বস্তু প্রকাশ করেননি।তবে ইরানের চিঠি কীভাবে ওয়াশিংটনে পাঠানো হয়েছে, সে ব্যাপারে রামিন বিস্তারিত কিছু বলেননি। তিন দশকের বেশি সময় ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি কূটনীতিক সম্পর্ক বন্ধ রয়েছে।গত ১১ অক্টোবর মার্কিন কর্মকর্তারা ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডসের শাখা কুদস ফোর্সের বিরুদ্ধে ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, সৌদি দূতকে হত্যার জন্য ১৫ লাখ মার্কিন ডলারে মেক্সিকোর এক মাদক চোরাকারবারিকে ভাড়া করা হয়। আর এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন ইরানি বংশোদ্ভূত মার্কিন এক গাড়িবিক্রেতা। তবে ওই মার্কিনি গত সপ্তাহে নিউইয়র্কের আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।ইরানের নেতা ও কর্মকর্তারা এ ষড়যন্ত্রের অভিযোগের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন। তেহরান বলছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনৈতিক দুর্দশা ও মধ্যপ্রাচ্যে পররাষ্ট্রনীতির ব্যর্থতা থেকে মনোযোগ অন্য দিকে সরিয়ে দিতে ওয়াশিংটন কথিত ওই ষড়যন্ত্রের অভিযোগ করছে।১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর তেহরানে উগ্রপন্থী ছাত্ররা মার্কিন কূটনীতিকদের জিম্মি করে। ওই ঘটনার পর তেহরান-ওয়াশিংটন কূটনীতিক যোগাযোগ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। এএফপি।