দুঃসময়ে ‘বন্ধু’ ব্লেয়ারকে পাশে চান সাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুতর সংকট থেকে উদ্ধারে এগিয়ে আসতে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের প্রতি আহ্বান জানিয়েছেন লিবিয়ার নেতা গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম। সাইফের একজন ঘনিষ্ঠ সহযোগী এ কথা জানান। কোণঠাসা হয়ে পড়া গাদ্দাফি সরকারকে এই পরিস্থিতি থেকে ‘সুবন্ধু’ টনি ব্লেয়ারই উদ্ধার করতে পারবেন বলে গাদ্দাফি পরিবারের সদস্যদের বিশ্বাস।সাইফের ওই সহযোগী বলেন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের শান্তিপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন নেতা। বর্তমান পরিস্থিতিতেও তিনি তাঁর মেধা দিয়ে অঞ্চলটিতে আবার শান্তি ফিরিয়ে আনতে পারবেন।গাদ্দাফি সরকারের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা বলেন, লিবিয়ায় পুনরায় শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক বিশ্ব এখনই যথাযথ ভূমিকা রাখতে পারে। সে ক্ষেত্রে টনি ব্লেয়ার অগ্রণী ভূমিকা পালন করবেন বলে লিবিয়ার ক্ষমতাসীন শাসক গোষ্ঠী আশা করছে। তাদের এ আশাবাদের পেছনে গাদ্দাফি সরকারের জন্য টনি ব্লেয়ারের নেওয়া বেশ কিছু পদক্ষেপ ইঙ্গিতপূর্ণ হিসেবে কাজ করছে।গত বছর ডেইলি মেইল পত্রিকার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাদ্দাফি সরকারকে বিভিন্ন ক্ষেত্রে উপদেশ দিতে টনি ব্লেয়ার বেশ কয়েকবার গোপনে ত্রিপোলি সফর করেন। পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যে পড়াশোনা করা সাইফ দাবি করেন, গাদ্দাফি সরকারের সময় ব্লেয়ার একজন ঘনিষ্ঠ বন্ধুর মতো ভূমিকা রাখেন। এমনকি লিবিয়ার বিনিয়োগ কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবেও ব্লেয়ারের ভূমিকা ছিল। তবে ব্লেয়ার এ ভূমিকার কথা বরাবরই অস্বীকার করে আসছেন। তা ছাড়া প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর ব্লেয়ার প্রতিবছর জেপি মরগানের উপদেষ্টা হিসেবে ২০ লাখ পাউন্ড করে পেতেন। লিবিয়ায় এই জেপি মরগানের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক স্বার্থ আছে। গতকাল ওই সরকারি কর্মকর্তার কাছে গাদ্দাফি ও ব্লেয়ারের মধ্যে গোপন কোনো টেলিফোন বা ই-মেইল যোগাযোগ ছিল কি না, তা জানতে চাওয়া হলে তিনি বলেন, যদি থাকেও তা অত্যন্ত গোপনীয়। ডেইলি মেইল।