দুঃসাহসী ভারতীয় রাজকন্যা
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ‘গোয়েন্দা রানি’ নূর এনায়েত খানের ভাস্কর্য গতকাল বৃহস্পতিবার লন্ডনের গর্ডন স্কয়ার গার্ডেনসে উন্মোচন করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী দখলকৃত ফ্রান্সে যুক্তরাজ্যের স্পেশাল অপারেশন্স এক্সিকিউটিভের (এসওই) হয়ে কাজ করেন এই দুঃসাহসী নারী।কোনো মুসলিম ও এশীয় নারীর প্রতি সম্মান জানিয়ে যুক্তরাজ্যে ভাস্কর্য তৈরির ঘটনা এটাই প্রথম। ভারতের মহীশুরের মুসলিম শাসক টিপু সুলতানের সরাসরি বংশধর নূর এনায়েত খান। তাঁর বাবা হজরত এনায়েত খান ছিলেন টিপু সুলতানের প্রপৌত্র।নূর এনায়েত খানের জীবনিকার শ্রাবণী বসু এবং নূর এনায়েত খান মেমোরিয়াল ট্রাস্টের দীর্ঘ প্রচারণা ও প্রচেষ্টার পর যুক্তরাজ্য সরকার ভাস্কর্য তৈরিতে সম্মত হয়েছে। শ্রাবণী বসু বলেন, ‘আমি তাঁর জীবনী নিয়ে গবেষণা করতে গিয়ে দেখি, তিনি ছিলেন ধর্মীয় স্বাধীনতা ও অহিংস আন্দোলনে বিশ্বাসী। পণ্ডিত জওহরলাল নেহরু ও মহাত্মা গান্ধীর ভীষণ ভক্ত ছিলেন এই নরী।’১৯১৪ সালে রাশিয়ায় জন্মগ্রহণ করা নূর এনায়েত খানের বেড়ে ওঠা যুক্তরাজ্য ও ফ্রান্সে। ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ার সময় তিনি ফ্রান্সের রেড ক্রসে সেবিকা হিসেবে প্রশিক্ষণ নেন। ১৯৪০ সালে ফ্রান্স সরকার জার্মানির কাছে আত্মসমর্পণের ঠিক আগে নৌকাযোগে মা ও বোনকে নিয়ে তিনি যুক্তরাজ্যে পালিয়ে আসেন। সেখানে আসার পরপরই তিনি উইমেনস অগজিলিয়ারি এয়ারফোর্সে (ডব্লিউএএএফ) রেডিও অপারেটর হিসেবে যোগ দেন। এরপর খুব তাড়াতাড়িই নজর কাড়েন এসওইয়ের। ওই সময় নোরা বেকার হিসেবে পরিচিতি পাওয়া নূর এনায়েত খান অবশেষে ১৯৪২ সালে যুক্তরাজ্যের অভিজাত গোয়েন্দা বাহিনীতে যোগ দেন। এসওইয়ের হয়ে ফ্রান্সে যান এর পরপরই। সেখানে তাঁর সাংকেতিক নাম ছিল ‘মেডিলিন’। কিন্তু শেষ রক্ষা হয়নি। নাৎসি বাহিনীর হাতে ধরা পড়েন এবং কারাবন্দী হন। বিবিসি ও হিন্দুস্তান টাইমস।