দুই আফগান নাগরিককে হত্যায় মার্কিন সেনা কর্মকর্তা অভিযুক্ত
যুক্তরাষ্ট্রের এক সেনা কর্মকর্তা আফগানিস্তানে দুই বেসামরিক নাগরিককে হত্যার ঘটনায় নিজ দেশের সামরিক আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন।
অভিযুক্ত কর্মকর্তা হলেন মার্কিন সেনাবাহিনীর ফার্স্ট লেফটেন্যান্ট ক্লিন্ট লোর্যান্স (২৮)। গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের কান্দাহারে টহলরত অবস্থায় দুই মোটরসাইকেল আরোহীকে অবৈধভাবে গুলি করার নির্দেশের অভিযোগে গত বৃহস্পতিবার তাঁকে দোষী সাব্যস্ত করেছেন নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগের সামরিক আদালতের অভিযোক্তারা।
অভিযুক্ত লোর্যান্সের আইনজীবী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল গাই ওম্যাক বলেন, আত্মঘাতী তালেবান হামলাকারী সন্দেহে সেনাদের গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন লোর্যান্স।
ওয়াশিংটন পোস্ট পত্রিকার তথ্য অনুযায়ী, ইরাক ও আফগানিস্তান যুদ্ধে বেসামরিক লোকের মৃত্যুর ঘটনায় হত্যার অপরাধে অভিযুক্ত মার্কিন সেনা কর্মকর্তাদের মধ্যে ক্লিন্ট লোর্যান্স দ্বিতীয়। অন্য কয়েকটি কুখ্যাত হত্যাকাণ্ডে জড়িতদের অধিকাংশই সাধারণ সেনা। রয়টার্স।