দুই আফগান শিশু নিহতের ঘটনায় ক্ষমা চাইল ন্যাটো
আফগানিস্তানের উরুজগান প্রদেশে গত বৃহস্পতিবার গুলিতে সাত বছরের কম বয়সী দুটি আফগান ছেলেশিশু নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ন্যাটো-নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (ইসাফ)। এই দুঃখজনক ঘটনার সম্পূর্ণ দায় ইসাফের বলে জানিয়েছেন এ বাহিনীর কমান্ডার।গত শনিবার এক বিবৃতিতে ইসাফের কমান্ডার জেনারেল জোসেফ ডানফোর্ড অনিচ্ছাকৃত এ বেসামরিক প্রাণহানির কথা স্বীকার করে বলেন, ‘নিহত শিশুদের শোকসন্তপ্ত পরিবারের কাছে আমি ক্ষমা চাইছি।’ তিনি বলেন, জঙ্গি মনে করে যৌথ বাহিনীর সদস্যরা গুলি চালায়। শিশু দুটি তখন গরু চড়াচ্ছিল। এদিকে উরুজগান প্রদেশের গভর্নর বলেছেন, ন্যাটোর অস্ট্রেলিয়ান সেনারা এ ঘটনায় দায়ী।ডানফোর্ড বলেন, ‘আমরা ওই দুই শিশুসহ তাদের এলাকার জন্য ভালো কিছু করার নিশ্চয়তা দিচ্ছি।’ তিনি বলেন, ইসাফ ও আফগানিস্তানের তদন্তকারীরা ইতিমধ্যে স্থানীয় নেতাদের সঙ্গে দেখা করেছেন। বিবিসি।