দুই উপনির্বাচনের ফলাফল কংগ্রেসের জন্য বড় ধাক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে লোকসভার দুটি আসনে গত শনিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে উত্তরাখন্ডের তেহরি আসনে বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থীর কাছে হেরেছেন কংগ্রেসের প্রার্থী। আর পশ্চিমবঙ্গের জঙ্গিপুরে কংগ্রেসের প্রার্থী জিতেছেন খুবই সামান্য ব্যবধানে। দুটি আসনই কংগ্রেসের ছিল এবং আগের নির্বাচনে দলের প্রার্থীরা বড় ব্যবধানে জিতেছিলেন। কাজেই ওই দুই আসনের নির্বাচন কংগ্রেসকে একটি বড় ধাক্কা দিয়েছে। প্রথমত, এতে দলের দুরবস্থায় যোগ হলো নতুন মাত্রা এবং দ্বিতীয়ত, আগামী লোকসভার নির্বাচন এগিয়ে নিয়ে আসা নিয়ে যে বিতর্ক চলছে, তা আরও গতি পেতে পারে।তেহরি আসনের উপনির্বাচনে হেরেছেন উত্তরখন্ডের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনার ছেলে সকেট। ২০০৯ সালে ওই আসনে বড় ব্যবধানে জিতেছিলেন বিজয় বহুগুনা। এরপর বহুগুনা মুখ্যমন্ত্রী হওয়ায় আশা করা হয়েছিল, উপনির্বাচনে তাঁর ছেলে আরও বড় ব্যবধানে জিতবেন। এ ছাড়া উপনির্বাচনের ফলাফল সাধারণত ক্ষমতাসীন দলের পক্ষে যায়। কিন্তু নির্বাচনে বিজেপির প্রার্থী মালরাজ্য লক্ষ্মী শাহের কাছে ২২ হাজারের বেশি ভোটের ব্যবধানে হেরেছেন মুখমন্ত্রীর ছেলে সকেট।পশ্চিবঙ্গের জঙ্গিপুর আসনে লোকসভার সদস্য ছিলেন বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এক লাখ ২৮ হাজার ভোট বেশি পেয়ে জিতেছিলেন। রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার জন্য তিনি পদত্যাগ করেন। গত শনিবারের উপনির্বাচনে তাঁর ছেলে অভিজিৎ মুখার্জি জিতেছেন মাত্র আড়াই হাজার ভোটের ব্যবধানে। উপনির্বাচনে তৃণমূলের সমর্থন পায়নি কংগ্রেস। যদিও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এই উপনির্বাচনে কোনো প্রার্থী দেননি।জয়ের ব্যবধান এত কমে যাওয়ার জন্য মুদ্রাস্ফীতি এবং সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআইকে দায়ী করেছেন অভিজিৎ।কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়েজামাই রবার্ট ভদ্রার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সোনিয়ার দায়মুক্তির বিষয় নিয়ে গত সপ্তাহে কথা তুলেছেন প্রশান্ত ভূষণ ও অরবিন্দ কেজরিওয়াল। এর মধ্যেই দুটি উপনির্বাচনে কংগ্রেসের জন্য এমন হতাশাজনক ফলাফল এল।একের পর এক বড় বড় দুর্নীতির কারণে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট বারবার যখন হোঁচট খাচ্ছে এবং মুদ্রাস্ফীতির কারণে জন-অসন্তোষ বাড়ছে, তখন সরকার মেয়াদ শেষ করতে পারবে কি না, তা নিয়ে কথা উঠেছে কংগ্রেসের ভেতরেই। দলের একাংশ চাইছে নির্বাচন এগিয়ে আনা হোক। আরেক অংশের তাতে সায় নেই। তবে গত সপ্তাহে ইউপিএর অনেক শরিক দলও জানিয়েছে, তারা আগাম নির্বাচনই প্রত্যাশা করছে।