দুই উপস্থাপক ‘মর্মাহত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের রাজ-পরিবারের সদস্য কেট উইলিয়ামসের তথ্য সংগ্রহের পর হাসপাতালের এক সেবিকার মৃত্যুর ঘটনায় অস্ট্রেলীয় দুই বেতার উপস্থাপক মেল গ্রেগ ও মাইকেল ক্রিস্টিয়ান দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, এ ঘটনায় তাঁরা ‘মর্মাহত’। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন টেলিভিশনকে তাঁরা গতকাল সোমবার সাক্ষাৎকার দেন।সিডনির একটি বেতারকেন্দ্র থেকে গ্রেগ ও ক্রিস্টিয়ান ছদ্ম পরিচয়ে ফোন করে লন্ডনের কিং এডওয়ার্ড দ্য সেভেন্থ হাসপাতালে চিকিৎসাধীন কেটের শারীরিক অবস্থার তথ্য নিয়েছিলেন। ফোনে ‘রানি এলিজাবেথ’ ও ‘প্রিন্স চার্লসের’ পরিচয় পেয়ে ওই হাসপাতালের নার্স জ্যাসিন্থা সালদানহা বিভ্রান্ত হয়ে বেতার উপস্থাপকদের তথ্য দেন। এরপর সালদানহাকে গত শুক্রবার মৃত অবস্থায় উদ্ধারের পর বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তদন্ত প্রয়োজন বলে পুলিশ জানিয়েছে।গ্রেগ ও মাইকেল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা ঘটনার পর প্রতি মুহূর্তে জ্যাসিন্থার পরিবারের কথা ভেবেছি। তাঁর মৃত্যুর খবরে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। ভেবেছিলাম শত শত মানুষ ও রকম ফোন করে তথ্য জানতে চায়। ব্যাপারটা যে এত মারাত্মক পরিণতির দিকে যেতে পারে, তা আমাদের ধারণার বাইরে ছিল।’ এএফপি ও বিবিসি।