দুই কক্ষে সীমিত মোশাররফের চলাফেরা
পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে তাঁর বিলাসবহুল খামারবাড়িতে বন্দী হিসেবে রাখা হয়েছে। ১৪ দিনের রিমান্ডে তাঁকে সেখানেই জিজ্ঞাসাবাদ করা হবে। মোশাররফের ঘনিষ্ঠরা অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না।মোশাররফকে গত শনিবার ১৪ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন ইসলামাবাদের সন্ত্রাসবাদবিরোধী আদালত। আদালত থেকে তাঁকে প্রথমে পুলিশের সদর দপ্তর ও পরে ইসলামাবাদের চক শাহজাদে অবস্থিত তাঁর বিলাসবহুল খামারবাড়িতে নেওয়া হয়। এর আগে খামারবাড়িকে উপ-কারাগার ঘোষণা করা হয়। মোশাররফের দল অল পাকিস্তান মুসলিম লিগের মুখপাত্র মোহাম্মদ আমজাদ গতকাল রোববার জানান, তাঁদের দলের নেতাকে তাঁর খামারবাড়ির শুধু দুটি কক্ষ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, সাবেক এই প্রেসিডেন্টকে পুরোপুরি ‘নিঃসঙ্গ’ করে রাখা হয়েছে। তাঁর সঙ্গে পরিবারের সদস্য এমনকি আইনজীবীদেরও দেখা করতে দেওয়া হচ্ছে না। ব্যক্তিগত কর্মীদেরও সরিয়ে দেওয়া হয়েছে।মুখপাত্র আমজাদ আরও জানান, আজ সোমবার মোশাররফকে আবারও আদালতে হাজির করার কথা রয়েছে।পাকিস্তান কর্তৃপক্ষ বলছে, অমর্যাদা থেকে রক্ষা ও তালেবান হামলার হুমকির কথা বিবেচনা করে খামারবাড়িকে উপ-কারাগার ঘোষণা করে মোশাররফকে সেখানে রাখা হয়েছে।মোশাররফ ক্ষমতায় থাকাকালে ২০০৭ সালে দেশের শীর্ষস্থানীয় বিচারকদের বরখাস্ত করা হয়। এর বিরুদ্ধে করা মামলায় গত শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। স্বেচ্ছানির্বাসন শেষে গত মাসে দেশে ফেরেন মোশাররফ। পাকিস্তানে কোনো সাবেক সেনাপ্রধানকে গ্রেপ্তার করার ঘটনা এটাই প্রথম। ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধমে পাকিস্তানের ক্ষমতায় আসেন মোশাররফ। ২০০৮ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। এএফপি, ডন।