দুই কোরিয়ার নাগরিকদের মিলনোৎসব স্থগিত করল পিয়ংইয়ং

উত্তর ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের কয়েকটি পূর্বনির্ধারিত মিলনোৎসব অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে উত্তর কোরিয়ার সরকার। রয়টার্স আজ শনিবার জানিয়েছে, ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের সময় এসব নাগরিক পরিবার বা স্বজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন।
কোরীয় উপদ্বীপের দেশ দুটির মধ্যে সম্পর্কোন্নয়নের যে সাম্প্রতিক প্রচেষ্টা চলছিল, পিয়ংইয়ংয়ের আজ শনিবারের এ সিদ্ধান্তের কারণে তা হোঁচট খেল।
পূর্বনির্ধারিত ওই অনুষ্ঠান বাতিলের ব্যাপারে উত্তর কোরিয়া বিস্তারিতভাবে কিছু না বললেও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বৈরী আচরণের অভিযোগ তুলেছে তারা। ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ছয় দিনব্যাপী ওই অনুষ্ঠান আয়োজনের কথা ছিল।
বিবিসির খবরে বলা হয়, এ বছরের শুরুতে উত্তর ও দক্ষিণ কোরিয়া সামরিক হটলাইন বন্ধ করে দিলে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে। এর আগে উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালায় এবং আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির ওপর অবরোধ আরোপ করে।
শান্তিপূর্ণ পুনর্মিলনীর জন্য গঠিত কমিটি বলেছে, যতক্ষণ না আলোচনা ও সমঝোতার অনুকূল পরিবেশ তৈরি হয়, ততক্ষণ পর্যন্ত অনুষ্ঠান স্থগিত রাখছি। তারা আরও বলে, যতক্ষণ দক্ষিণের রক্ষণশীলেরা আন্তকোরীয় সম্পর্ককে প্রতিকূল ও অবমাননাকর করে রাখবে, ততক্ষণ পারিবারিক পুনর্মিলনীর মতো মানবিক ঘটনাগুলোর সমাধান করা যাবে না।
বিবিসির সংবাদদাতারা জানান, দুই কোরিয়ার পরিবারের মধ্যে পুনর্মিলনী গুরুত্বপূর্ণ প্রতীকী ঘটনা। তিন বছরের মধ্যে এবারই এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এর আগে উত্তর কোরিয়া ২০১০ সালের নভেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী দ্বীপে গোলাবর্ষণ করলে পুনর্মিলনী অনুষ্ঠান স্থগিত হয়ে যায়।

ধারণা করা হচ্ছে, প্রায় ৭২ হাজার দক্ষিণ কোরীয় পুনর্মিলনীর ওই অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য অপেক্ষমাণের তালিকায় আছেন। তাঁদের মধ্যে বেশির ভাগের বয়স ৮০ বছরের ওপরে। তবে প্রতিবারই ওই তালিকা থেকে কয়েক শ দক্ষিণ কোরীয়কে অনুষ্ঠানের জন্য নির্বাচিত করা হয়। দুই কোরিয়ার মধ্যে চিঠি চালাচালি, টেলিফোন ও ই-মেইল সংযোগ বিচ্ছিন্ন থাকায় এসব পরিবারের বেশির ভাগই জানেন না, তাদের আত্মীয়স্বজন এখনো জীবিত আছেন কি না।