দক্ষিণ কোরিয়ায় ৪৭৬ জন আরোহীসহ নিমজ্জিত ফেরির চালক (ক্যাপ্টেন) লি জুন-সেওক এবং দুজন ক্রু সদস্যকে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকারী ডুবুরিরা সাগরতলে ফেরিতে তিনটি লাশ দেখলেও উদ্ধার করতে পারেননি।
দায়িত্বে অবহেলা ও সমুদ্রে জাহাজ চলাচল আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে ক্যাপ্টেন জুন-সেওকের বিরুদ্ধে। এ ছাড়া উল্টে গিয়ে ডুবে যাওয়ার আগে ফেরির যাত্রীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিতে বিলম্ব করায় তাঁর কঠোর সমালোচনা করা হয়েছে। তিনি যথেষ্ট তৎপর হলে আরও অনেকের জীবন বাঁচানো যেত বলে অনেকে দাবি তোলায় বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
ক্যাপ্টেন জুন-সেওক বলেন, ‘আমি দক্ষিণ কোরিয়ার জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। দুর্ঘটনার শিকার পরিবারগুলোর কাছে আমি মাথা নত করে ক্ষমাপ্রার্থী।’ তিনি আরও বলেন, তিনি ফেরিচালনার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে শয়নকক্ষে গিয়েছিলেন। আর তখনই ফেরিটি উল্টে ডুবে যায়। তিনি ভেবেছিলেন, প্রচণ্ড স্রোতের মধ্যে মহাসাগরের শীতল পানিতে নামলে যাত্রীদের আরও বেশি বিপদে পড়তে হবে। আর উদ্ধারকারী নৌকাগুলোও ফেরিটি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছাতে পারেনি। তাই সব যাত্রীকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিতে দেরি হয়।
দুর্ঘটনায় এ পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আর নিখোঁজ রয়েছে ২৭৩ জন। উদ্ধার করা হয়েছে ১৭৪ জন যাত্রীকে।
উদ্ধারে দুই মাস সময় লাগবে: কর্মকর্তারা বলছেন, ডুবে যাওয়া ফেরি উদ্ধারে দুই মাস সময় লাগবে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান বলেন, পুরো উদ্ধারকাজে কত দিন লাগতে পারে, সে ব্যাপারে তারা নিশ্চিত নন, তবে কয়েক সপ্তাহ থেকে দুই মাস পর্যন্ত লাগতে পারে। এএফপি, রয়টার্স ও বিবিসি।