দুই ছেলেকে সঙ্গে নিতে চেয়েছিলেন ডায়ানা
ব্রিটিশ রাজপরিবার ছেড়ে বাইরের কোনো দেশে নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা। তিনি তাঁর দুই ছেলেকেও সঙ্গে নিতে চেয়েছিলেন।
প্রিন্সেস ডায়ানার ওপর লেখা নতুন একটি বইয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘দ্য প্রিন্সেস ডায়ানা কন্সপাইরেসি: দ্য অ্যাভিডেন্স অব মার্ডার’ শীর্ষক বইটির লেখক অ্যালেন পাওয়ার।
রাজপরিবারের গবেষক পাওয়ার তাঁর বইয়ে দাবি করেন, যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্র বা ফ্রান্সে নতুন জীবন শুরু করার কথা ভাবছিলেন ডায়ানা। তিনি তাঁর দুই ছেলে উইলিয়াম ও হ্যারিকেও সঙ্গে নিতে চেয়েছিলেন। তবে এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
১৯৮১ সালে প্রিন্স চার্লসের সঙ্গে বিয়ে হয় ডায়ানার। আনুষ্ঠানিকভাবে চার্লস-ডায়ানার বিচ্ছেদ ঘটে ১৯৯৬ সালে। তাঁদের প্রথম সন্তান প্রিন্স উইলিয়াম ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী।
‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে সড়ক দুর্ঘটনায় নিহত হন ব্রিটিশ রাজপরিবারের বধূ ডায়ানা, তাঁর প্রেমিক মিসরীয় ধনকুবের দোদি ফায়েদ ও গাড়িচালক হেনরি পল।