দুই-তৃতীয়াংশের জন্য দায়ী ৯০টি প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে ১৭৫১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ২৫৯ বছরে যে পরিমাণ গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ঘটেছে, তার তিন ভাগের মধ্যে প্রায় দুই ভাগের জন্যই দায়ী মাত্র ৯০টি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগেরই মালিক বিশ্বের উন্নত দেশগুলো। তাপ আটকে রেখে বিশ্বের উষ্ণতা বাড়িয়ে দেওয়া গ্যাসগুলো গ্রিন হাউস গ্যাস হিসেবে পরিচিত।
যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লাইমেট অ্যাকাউন্টিবিলিটি ইনস্টিটিউটের গবেষণায় উল্লিখিত তথ্য উঠে এসেছে। গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে বিজ্ঞানভিত্তিক সাময়িকী ক্লাইমেট চেঞ্জ।
জলবায়ু পরিবর্তন রোধে সবার জন্য গ্রহণযোগ্য একটি মতৈক্যে পৌঁছাতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর বিতর্কের মধ্যে গবেষণার মাধ্যমে এমন তথ্য তুলে ধরা হলো। গত সপ্তাহেই পোল্যান্ডের ওয়ারশতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানো নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ব্যাপক বিতর্ক হয়। উন্নত দেশগুলোর অভিযোগ, জলবায়ু পরিবর্তনের জন্য তারা এককভাবে দায়ী নয় বরং ভারত ও চীনের মতো দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোরও দায় আছে।
ক্লাইমেট অ্যাকাউন্টিবিলিটি ইনস্টিটিউটের গবেষণায় উঠে আসা ওই ৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ভারত সরকারের মালিকানায় থাকা তিনটি প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো হলো কোল ইন্ডিয়া লিমিটেড, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন (ওএনজিসি) ও সিঙ্গারেনি কোলিরিজ কোম্পানি লিমিটেড। চীনের কয়লা ও সিমেন্ট উৎপাদনকারী কয়েকটি প্রতিষ্ঠানও এই তালিকায় রয়েছে। তবে ৯০টি প্রতিষ্ঠানের বেশির ভাগই রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ও কানাডাসহ উন্নত দেশগুলোতে।
ক্লাইমেট অ্যাকাউন্টিবিলিটি ইনস্টিটিউটের রিচার্ড হিডির তৈরি করা ওই প্রতিবেদনে বলা হয়, ১৭৫১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত শিল্প-কারখানা থেকে নিঃসৃত মোট গ্যাসের (কার্বন ডাই-অক্সাইড ও মিথেন) মধ্যে ৬৩ শতাংশই এসেছে ওই ৯০টি প্রতিষ্ঠান থেকে। এই সময়ে নিঃসৃত হওয়া বাকি ৩৭ শতাংশ গ্যাসের উৎসের কথা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
বর্তমানে কিয়োটো প্রটোকলের আওতায় শুধু উন্নত দেশগুলোকে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ রোধের বাধ্যবাধকতা দেওয়া রয়েছে। উন্নত দেশগুলো বলছে, জলবায়ু পরিবর্তনের জন্য বর্ধনশীল অর্থনীতির দেশগুলো তো বটেই, কিছু উন্নয়নশীল দেশেরও ‘ঐতিহাসিক দায়’ রয়েছে। তাই ২০১৫ সালে প্যারিস সম্মেলনে জলবায়ু পরিবর্তন রোধে সবার জন্য গ্রহণযোগ্য একটি চুক্তিতে পৌঁছার বিষয়ে সক্রিয় রয়েছে উন্নত বিশ্ব। টাইমস অব ইন্ডিয়া।