দুই দফায় মার্কিন সেনা ১৭ জনকে গুলি করে হত্যা করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সেনাসদস্য রবার্ট বেলস পৃথক দুটি অভিযান চালিয়ে আফগানিস্তানের ১৭ জন বেসামরিক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছেন বলে ধারণা করছেন সামরিক তদন্ত কর্মকর্তারা। গতকাল রোববার নিউইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।মার্কিন এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, তদন্ত কর্মকর্তারা মনে করছেন, স্টাফ সার্জেন্ট রবার্ট বেলস প্রথম দফায় তাঁর ঘাঁটি থেকে বের হয়ে হত্যাকাণ্ড চালান। এরপর তিনি ফাঁড়িতে ফিরে আবার সন্ধ্যায় দ্বিতীয় আরেকটি গ্রামে গিয়ে হত্যাকাণ্ড চালান। তবে এ যাত্রায় তিনি আর রক্ষা পাননি। ফাঁড়িতে ফিরে আসামাত্র তাঁকে আটক করা হয়।মার্কিন ওই কর্মকর্তা বলেন, গত কয়েক দিন সামরিক তদন্ত কর্মকর্তাদের কয়েক দফার সাক্ষাৎকার থেকে এ তথ্য বেরিয়ে এসেছে। সেনা সদস্যদের সাক্ষাৎকারের মাধ্যমে কর্মকর্তারা জানতে চেষ্টা করেছেন, আসলে ওই দিন ঠিক কী ঘটেছে? কান্দাহার প্রদেশের পাঞ্জাবি জেলায় ১১ মার্চ এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় গত শুক্রবার রবার্ট বেলসের বিরুদ্ধে ১৭টি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, ছয়টি হামলা ও হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়। এএফপি।