দুই দিনে মিসরে খসড়া সংবিধান চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সাংবিধানিক পরিষদ গত রোববার খসড়া সংবিধান চূড়ান্ত করেছে। এখন সংবিধান নিয়ে চলতি মাসে বা জানুয়ারিতে গণভোটের আয়োজন করা হবে। মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর সেনাবাহিনীর রাজনৈতিক রূপরেখায় এটি একটি বড় মাইলফলক।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির আনা সংশোধনী পরিবর্তন করে খসড়া চূড়ান্ত করার প্রতিবাদে রোববার তাহরির স্কয়ারে বিক্ষোভ হয়। ওই দিন পুলিশের সঙ্গে মুরসিপন্থীদের সংঘর্ষ হয়।
আরব লিগের সাবেক মহাসচিব ও প্রেসিডেন্ট প্রার্থী আমর মুসার সভাপতিত্বে ৫০ সদস্যের প্যানেল ওই নতুন খসড়া সংবিধান তৈরি করে। কমিটির বেশির ভাগ সদস্য উদার ও বামপন্থী। খসড়ার গুরুত্বপূর্ণ অংশ আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান আদলি মনসুরকে দেওয়া হতে পারে।
খসড়া সংবিধান চূড়ান্ত করায় পার্লামেন্টের আগে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের পথ খুলে গেল। অবশ্য পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন একই সঙ্গে করার সুযোগও রাখা হয়েছে। এ ছাড়া গণভোটে সংবিধান পাস হলে ছয় মাসের মধ্যে ‘নির্বাচন-প্রক্রিয়া’ শুরু হবে। নতুন সংবিধান অনুযায়ী, নির্বাচিত প্রেসিডেন্ট শপথ গ্রহণ না করা পর্যন্ত আদলি মনসুর দায়িত্ব পালন করবেন। কখন ও কীভাবে নির্বাচন হবে, এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন।
খসড়া সংবিধানে বলা হয়, আগামী দুই দফা প্রেসিডেন্টের মেয়াদকালে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদের (এসসিএএ) অনুমোদন নিতে হবে। চার বছর মেয়াদে কোনো প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই দফা দায়িত্ব পালন করতে পারবেন। প্রেসিডেন্ট প্রার্থীদের বয়স অন্তত ৪০ বছর হতে হবে। তাঁদের জন্ম অবশ্যই মিসরে হতে হবে এবং তাঁদের বাবা-মা হতে হবে মিসরীয়। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মনোনীত করবেন। পরে পার্লামেন্ট তাঁকে অনুমোদন দেবে। পার্লামেন্ট তা প্রত্যাখ্যান করলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল কিংবা জোট অন্য কারও নাম প্রস্তাব করতে পারবে। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠের অনুমোদন নিয়ে প্রেসিডেন্ট সরকার ভেঙে দিতে পারবেন। সামরিক বাহিনীর সর্বোচ্চ কমান্ডার থাকবেন প্রেসিডেন্ট।
প্রতিরক্ষামন্ত্রী অবশ্যই একজন সেনা কর্মকর্তা হবেন। সামরিক বাজেট নিয়ে জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলে আলোচনা করতে হবে। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীসহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে ওই কাউন্সিল গঠন করা হবে।
শনি ও রোববার প্যানেলের ভোটাভুটিতে খসড়া সংবিধান চূড়ান্ত হয়। ভোটের প্রথম দিন খসড়া সংবিধানের মোট ২৭৪টি অনুচ্ছেদের মধ্যে ১৩৮টি অনুমোদন করে প্যানেল। অনুচ্ছেদগুলোর মধ্যে ধর্মীয় দল বা ধর্মভিত্তিক দল গঠন নিষিদ্ধ করা-সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। এএফপি ও বিবিসি।