দুই দেশকেই সংযমী হওয়ার আহ্বান জাতিসংঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল ও লেবানন সীমান্তে উত্তেজনা কমাতে দুই দেশকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দুই পক্ষকেই ২০০৬ সালে স্বাক্ষরিত জাতিসংঘের প্রস্তাব মেনে চলারও আহ্বান জানানো হয়েছে। লেবাননের সামরিক বাহিনীর একজন মুখপাত্র সীমান্তে গুলিবিনিময়ের ঘটনাকে ইসরায়েলের নতুন আগ্রাসন বলে আখ্যা দিয়েছেন।গত মঙ্গলবার সীমান্তে দুই পক্ষের গুলিবিনিময়ে লেবাননের দুই সেনা ও একজন সাংবাদিক এবং ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। লেবাননের সেনাবাহিনী সূত্র বলছে, ইসরায়েলি সেনারা অদায়সেহ ও কুফেরকিল্লা এলাকায় লেবাননের সীমান্তে ঢুকে গাছ কাটার চেষ্টা করে। এ ঘটনাকে কেন্দ্র করে রকেট হামলা ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে।জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েল-লেবাননের সংঘর্ষের ঘটনা নিয়ে বৈঠক করেছে। বৈঠকের পর জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভিতালে চুরকিন বলেন, সীমান্তে উভয় পক্ষকেই ২০০৬ সালে স্বাক্ষরিত জাতিসংঘের প্রস্তাব অবশ্যই কঠোরভাবে মেনে চলতে হবে।জাপান সফররত জাতিসংঘের মহাসচিব বান কি মুন ইসরায়েল-লেবানন সীমান্তে গুলিবিনিময়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মুখপাত্র মার্টিন নেসির্কি জানান, মহাসচিব দুই পক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। সীমান্তে উত্তেজনা কমাতে জাতিসংঘের পদক্ষেপ অনুযায়ী কাজ করতেও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পিজে ক্রাউলি বলেন, তাঁরা ইসরায়েল-লেবাননের সেনাদের মধ্যে সংঘর্ষের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন।নাম প্রকাশ না করার শর্তে লেবাননের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, সংঘর্ষের পর ইসরায়েল ওই সীমান্তে নতুন করে সেনা মোতায়েন করেছে। তিনি বলেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। ওই মুখপাত্র অভিযোগ করেন, বুধবারও লেবাননের ভূখণ্ডে প্রবেশ করে গাছ কাটার চেষ্টা করে ইসরায়েলি সেনারা।ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক সীমান্তের এই সংঘর্ষকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন। গতকাল ইসরায়েলের সরকারি রেডিওতে তিনি বলেন, ‘সীমান্তে আমাদের সেনাদের উসকে দেওয়া হয়েছিল। তারা তাৎক্ষণিকভাবে জবাব দিয়েছে মাত্র।’ তিনি আরও বলেন, তাঁদের বিশ্বাস লেবাননের সামরিক বাহিনীর প্রধানের নির্দেশে এ ঘটনা ঘটেনি এবং এতে কট্টরপন্থী সংগঠন হিজবুল্লাহ জড়িত নয়।লেবাননে নিয়োজিত জাতিসংঘের বাহিনী (ইউএনআইএফআইএল) গতকাল জানিয়েছে, যে গাছ কাটা নিয়ে সংঘর্ষ তা ইসরায়েলের ভূখণ্ডে।এদিকে হিজবুল্লাহ নেতা শেখ হাসান নাসরাল্লাহ লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যাকাণ্ডে ইসরায়েল জড়িত বলে অভিযোগ করেছেন। আগামী সপ্তাহে সংবাদ সম্মেলন করে তিনি দাবির পক্ষে তথ্যপ্রমাণ তুলে ধরবেন বলে জানান। ২০০৫ সালের ১৪ নভেম্বর গাড়িবোমা হামলায় নিহত হন রফিক হারিরি। এই হামলায় মোট ২২ জন প্রাণ হারায়। বিবিসি, এএফপি।