পাকিস্তান ও মিয়ানমারের মধ্যে বাণিজ্য জোরদারের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। অবাধ বাণিজ্য চুক্তিতে পৌঁছার লক্ষ্যে তিনি অগ্রাধিকারমূলক শুল্ক-সুবিধার ওপর গুরুত্বারোপ করেন।গত মঙ্গলবার মিয়ানমারে পৌঁছার পর দেশটির প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠককালে জারদারি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং তেল ও গ্যাস খাতে একসঙ্গে কাজ করার লক্ষ্যে মন্ত্রী পর্যায়ে যৌথ কমিশন গঠনেরও আহ্বান জানান। অর্থপূর্ণ সহযোগিতার সম্ভাব্যতা যাচাইয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রীকে মিয়ানমারে পাঠানোর প্রস্তাব করেন। পাকিস্তানের প্রেসিডেন্টের মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর বলেন, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে মুদ্রা বিনিময়ব্যবস্থার সম্ভাব্যতা যাচাইয়ে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর কর্মকর্তাদের মধ্যে পরামর্শ করার আহ্বান জানিয়েছেন জারদারি। এদিকে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে ‘শহীদ বেনজির ভুট্টো অ্যাওয়ার্ড ফর ডেমোক্রেসি’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির প্রধান সু চির গণতন্ত্রের পক্ষে ২২ বছরের সংগ্রামকে শ্রদ্ধা জানাতেই এ পুরস্কার দেওয়া হয়। সু চিই প্রথম এ পুরস্কার পেলেন। পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির নেতা বেনজির ভুট্টো স্মরণে দলের পক্ষ থেকে এ পুরস্কারের প্রবর্তন করা হয়েছে। এপিপি।