দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও ভারতের প্রধানমন্ত্রীমনমোহন সিংয়ের মধ্যে গতকাল রোববার ভারতের রাজধানীনয়াদিল্লিতে বৈঠক হয়েছে।বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন উভয় নেতা। জারদারি গতকালএকদিনের ব্যক্তিগত সফরে ভারতে যান। ২০০৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের পর পাকিস্তানের কোনো প্রেসিডেন্টের এটাই প্রথম ভারত সফর।বৈঠকের পর জারদারি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই।’ মনমোহন সিং বলেন, ‘দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হয়ে আসা উচিত। এটাই আমাদের প্রত্যাশা।’নয়াদিল্লিতে মধ্যাহ্নভোজের আগে ভারত ও পাকিস্তানের এই দুই নেতার মধ্যে বৈঠক হয়। মূলত আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতির (রহ.) মাজার জিয়ারতের জন্যই পাকিস্তানের প্রেসিডেন্ট এক দিনের সফরে ভারতে যান। তবে রাষ্ট্রীয় সফর না হলেও জারদারির এই সফরের কূটনৈতিক গুরুত্ব অনেক। গতকাল দুপুরে নয়াদিল্লি পৌঁছেই পালাম বিমানবন্দর থেকে জারদারি সফরসঙ্গীদের নিয়ে মনমোহনের বাসভবনে যান। তাঁর ৪০ জন সফরসঙ্গীর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক এবং ছেলে বিলওয়াল ভুট্টো জারদারি, দুই মেয়ে আসিফা, বখতাওয়ারসহ পরিবারের আরও কয়েকজন সদস্য ছিলেন।মনমোহনের বাসভবনে মধ্যাহ্নভোজ করেন জারদারি। পাকিস্তানের প্রেসিডেন্টকে আপ্যায়নের জন্য কাবাব এবং দুই দেশের মধ্যকার বিরোধপূর্ণ এলাকা কাশ্মীরসহ বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পদের খাবারের ব্যবস্থা করেন মনমোহন। মধ্যাহ্নভোজে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা এল কে আদভানি ও সুষমা স্বরাজ যোগ দেন। বৈঠকে কংগ্রেসের পক্ষে সাধারণ সম্পাদক রাহুল গান্ধী এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) বিলওয়াল ভুট্টো প্রতিনিধিত্ব করেন। তবে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বৈঠকে উপস্থিত ছিলেন না। জারদারি-মনমোহনের বৈঠক স্থায়ী হয় প্রায় ৪০ মিনিট। পরে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তাঁরা। এতে মনমোহন বলেন, ‘প্রেসিডেন্ট জারদারি আমাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। দুই দেশের সুবিধামতো সময়ে পাকিস্তান সফর করতে পারলে আমিও খুশি হব।’দুই নেতার বৈঠকের পর ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই সাংবাদিকদের বলেন, ‘কাশ্মীর, জঙ্গিবাদসহ লস্কর-ই-তাইয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের কর্মকাণ্ড এবং দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির উপায়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।’বৈঠকে মনমোহন হাফিজ সাঈদের বিষয়টি তোলেন। পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তানের প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছেন, হাফিজ সাঈদের বিরুদ্ধে পাকিস্তান কী পদক্ষেপ নিল, তার ভিত্তিতে দুই দেশের সম্পর্কের উন্নয়নের বিষয়টি ভারতের জনগণ মূল্যায়ন করবে। প্রায় দুই ঘণ্টা নয়াদিল্লি অবস্থানের পর জারদারি ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রাজস্থান রাজ্যের আজমির শহরে যান। সেখানে তিনি যান খাজা মঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করতে। এএফপি, পিটিআই, টাইমস অব ইন্ডিয়া, ডন।