জাতিগত সংঘাত বন্ধে আলোচনার জন্য দক্ষিণ সুদানের সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধিরা গতকাল বৃহস্পতিবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় গিয়েছেন। তবে গতকালও তাঁদের দেশে যুদ্ধ অব্যাহত ছিল। সংঘাত বন্ধে ও অস্ত্রবিরতি চুক্তির লক্ষ্যে সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধিরা গতকাল আদ্দিস আবাবার একটি বিলাসবহুল হোটেলে সমবেত হন। তবে শেষমেশ দুই পক্ষ আলোচনায় নাও বসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।
শান্তি আলোচনাকে সামনে রেখে বিদ্রোহীদের একজন সদস্য বলেন, ‘আমরা আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু কখন আলোচনা শুরু হবে, আলোচনার ধরন কী হবে, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে কিছুই জানানো হয়নি।
দক্ষিণ সুদানের সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বোর শহরে ও ইউনিটি রাজ্যের কিছু অংশে বিদ্রোহীদের সঙ্গে তাঁদের লড়াই চলছে।
প্রেসিডেন্ট সালভা কির গত ১৫ ডিসেম্বর অভিযোগ করেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচার অভ্যুত্থানের পরিকল্পনা করছেন। এ অভিযোগের প্রেক্ষাপটে ওই দিন থেকেই দুই পক্ষের অনুগত বাহিনীর লড়াই শুরু হয়।
বিশ্বের নবীনতম দেশটিতে এ সময়ের মধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে অন্তত দুই লাখ মানুষ। ত্রাণ সংস্থাগুলো বলছে, আশ্রয়হীন হয়ে পড়া মানুষের জন্য জরুরি ত্রাণসহায়তা দরকার। এএফপি ও বিবিসি।