দুই পক্ষই আক্রমণাত্মক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় রক্তপাত বন্ধের পথ খুঁজতে গতকাল বুধবার সুইজারল্যান্ডে শান্তি সম্মেলন শুরু হয়েছে। প্রথমবারের মতো সিরিয়ার সরকার ও বিরোধীপক্ষ মুখোমুখি বসলেও দুই পক্ষই ছিল আক্রমণাত্মক। দুই পক্ষের মিত্র বলে পরিচিত দেশগুলোও নিজেদের আগের অবস্থানে থাকার ইঙ্গিত দিয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে সুইজারল্যান্ডের মনট্রাক্স শহরে শুরু হওয়া জেনেভা-২ শান্তি সম্মেলনে ওই দুই পক্ষ ছাড়াও অন্তত ৪০টি দেশের প্রতিনিধিরা যোগ নেন।

সম্মেলনের শুরুতে সিরিয়ায় চলমান রক্তপাত বন্ধে গুরুত্বের সঙ্গে ‘গঠনমূলক আলোচনা’ করতে সবার প্রতি আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এরপর উপস্থিত বিভিন্ন দেশেরনপ্রতিনিধিদের ১০ মিনিট করে বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হয়।

সম্মেলনে সিরিয়ার সরকারবিরোধী জোটের প্রতিনিধিদলের প্রধান হিসেবে বক্তব্য দেন আহমেদ জাবরা। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে তাঁকে নাৎসিদের সঙ্গে তুলনা করেন। বাশারের পদত্যাগের দাবিতে আক্রমণাত্মক ভাষায় নিজেদের অবস্থান তুলে ধরেন তিনি।

সিরিয়ার সরকারের প্রতিনিধিদলের প্রধান আসাদ সরকারের প্রধানমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম সিরিয়ার বিদ্রোহীদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, সেই ‘সন্ত্রাসীরা’ পশ্চিমা ও আরব দেশগুলোর মদদে সিরিয়ায় ‘গণহত্যা’ চালাচ্ছে। এই সম্মেলনে এমন কয়েকটি দেশও যোগ দিয়েছে, যাদের হাতে সিরিয়ার জনগণের রক্তের ছাপ রয়েছে। ওই দেশগুলো সিরিয়াকে পুরোপুরি অস্থিতিশীল করতে চায়। তিনি আরও বলেন, সিরিয়া স্বাধীন ও সার্বভৌম দেশ। নিজেকে রক্ষায় প্রয়োজনীয় সবকিছুই করা হবে। সন্ত্রাসীদের প্রশয় দেওয়া হলে সন্ত্রাস বাড়তে থাকবে।

মুয়াল্লেমের আক্রমণাত্মক বক্তব্য নির্ধারিত ১০ মিনিট পেরিয়ে প্রায় আধা ঘণ্টায় চলে যায়। একপর্যায়ে বান কি মুন তাঁকে থামানোর চেষ্টা করলে তিনি বলেন, ‘এখানে সিরিয়ার জনগণের বক্তব্য তুলে ধরার অধিকার আমার রয়েছে।’

সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, সিরিয়ায় শান্তিপূর্ণভাবেই সরকারবিরোধী আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু সরকার তা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়। তিনি আরও বলেন, ‘এখন আমরা একটাই বিকল্প দেখছি, তা হলো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর। যে ব্যক্তি নিজের জনগণের ওপর নৃশংসতা চালান, তাঁর সরকারের বৈধতা থাকতে পারে না। ক্ষমতা হস্তান্তর ছাড়া কোনো পথ নেই।’

বাশার আল-আসাদের ঘনিষ্ঠ বলে পরিচিত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, জেনেভা আলোচনা ‘সহজও হবে না, দ্রুতও হবে না’। এই সম্মেলেন অংশগ্রহণকারী দেশগুলোর কাঁধে ঐতিহাসিক দায়িত্ব পড়েছে, তা হলো সিরিয়ায় রক্তপাত বন্ধ করা। তবে তিনি বলেন, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ‘বাইরের খেলোয়াড়দের’ হস্তক্ষেপের বিরোধিতা করবে মস্কো।

 বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে ২০১১ সালে সিরিয়ায় আন্দোলন শুরু হয়। ধীরে ধীরে তা সহিংসতায় রূপ নেয়। সহিংসতায় ইতিমধ্যে এক লাখ ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

ওই সহিংসতা ঠেকাতে প্রেসিডেন্ট বাশার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় নিজের রাসায়নিক অস্ত্রের ভান্ডার ধ্বংসে রাজি হয় সিরিয়ার সরকার; আর চলমান সহিংসতা বন্ধে জেনেভা সম্মেলনে যোগ দিতে রাজি হয় সরকার ও বিরোধী পক্ষ। রয়টার্স ও বিবিসি।