পাকিস্তান সরকার ও তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক চান দুই পক্ষের প্রতিনিধিরা। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে প্রাতরাশের পর এক বৈঠকে দুই পক্ষের প্রতিনিধিরা বিষয়টি জানান।
পাকিস্তানে প্রায় সাত বছর ধরে চলা কট্টরপন্থীদের হামলা বন্ধের উদ্দেশে সম্প্রতি টিটিপির সঙ্গে শান্তি আলোচনা শুরু করে সরকার। প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর গত বুধবার আবার আলোচনা শুরু হয়।
আলোচনায় অংশ নেওয়া সরকার ও টিটিপির প্রতিনিধিদল গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। পরে সরকার পক্ষের প্রতিনিধিদলের প্রধান ইরফান সিদ্দিকী বলেন, ‘বর্তমান আলোচক কমিটির জায়গায় আরও কার্যকর একটি ফোরামকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছি। আমরা মনে করি, আলোচনার পরবর্তী ধাপে স্পর্শকাতর বিভিন্ন বিষয় ও দাবি উঠে আসবে।’ আরেক আলোচক রহিমুল্লাহ ইউসুফজাই বলেন, ‘ফোরামে এমন কিছু সদস্যকে অন্তর্ভুক্ত করতে বলছি, যাঁরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন। ফোরামে সরকার ও সামরিক বাহিনীর প্রতিনিধি থাকতে হবে।’
টিটিপির আলোচক দলের প্রধান সামি-উল-হক বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় তাঁর প্রতিনিধিদল সন্তুষ্ট। এখন প্রতিনিধিদলকে আরও শক্তিশালী করা ও ক্ষমতা দেওয়ার সময় এসেছে। এএফপি।