দুই পক্ষকে ‘একতরফা’ যুদ্ধবিরতির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ ও আরব লিগের শান্তিদূত লাখদার ব্রাহিমি আসন্ন ঈদের আগে সিরিয়ার দুই পক্ষকে ‘একতরফা’ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।ব্রাহিমি গতকাল রোববার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠকের পর দামেস্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল এই আহ্বান জানান। সিরিয়ায় আগামী শুক্রবার ঈদ উদ্যাপিত হবে।লাখদার ব্রাহিমি বলেন, ‘আসন্ন ঈদের আগে একতরফা যুদ্ধবিরতি কার্যকর করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। এই যুদ্ধবিরতি আজ বা কাল থেকেই কার্যকরের বিষয়টি বিবেচনা করতেও সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি আমি।’ তিনি জানান, এই যুদ্ধবিরতি সিরিয়ায় ‘শান্তি পরিকল্পনার’ অংশ নয়। তাঁর ব্যক্তিগত উদ্যোগের অংশ।ব্রাহিমি আরও বলেন, ‘আমরা যুদ্ধবিরতির আহ্বান সিরিয়ার প্রতিটি মানুষের প্রতি।’ তিনি জানান, দেশ ও দেশের বাইরে থাকা সিরিয়ার বিরোধী দলের নেতা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে। তাঁরা সবাই যুদ্ধবিরতির পক্ষে আছেন বলে মনে হয়েছে তাঁর।দামেস্ক থেকে বিবিসির সাংবাদিক লিনা সনজাব জানান, স্থানীয় সাধারণ মানুষের সন্দেহ, প্রেসিডেন্ট আসাদ যুদ্ধবিরতির এই আহ্বান মানবেন না।ব্রাহিমির আহ্বানের পর সিরিয়ার সরকার বা বিদ্রোহীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি। তবে নাম-ঠিকানা প্রকাশ না করে অনলাইনে এক ভিডিওচিত্রে একটি বিদ্রোহী গোষ্ঠী জানায়, সুনির্দিষ্ট কিছু শর্তে তারা যুদ্ধবিরতিতে রাজি। এর আগে গত ১২ এপ্রিল দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি হয়। কিন্তু খুব দ্রুতই সেই যুদ্ধবিরতি ভেঙে যায়।শুক্রবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়ালেম ও বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন ব্রাহিমি। বৈঠকের পর ওয়ালিদ মুয়ালেম বলেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে ‘সিরিয়া সংলাপের’ প্রস্তুতির জন্য সহিংসতা বন্ধ করা উচিত। এ ধরনের সংলাপই সিরিয়ার বর্তমান রক্তপাত বন্ধের একমাত্র উপায়। এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, গতকাল দামেস্কের খ্রিষ্টান জনগোষ্ঠী অধ্যুষিত একটি এলাকায় বিস্ফোরণে ১০ ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া বব তৌমা এলাকায় থানা লক্ষ্য করে গাড়িবোমা হামলা চালানো হয়। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।সিরিয়া-সংকটের কূটনৈতিক সমাধানে নিরাপত্তা পরিষদের একাধিক উদ্যোগ ভেস্তে যায়। এএফপি ও বিবিসি।