দুই পক্ষের সঙ্গে থাই সেনাপ্রধানের বৈঠক, ফল নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে চলমান রাজনৈতিক সংকট নিরসনের উপায় নিয়ে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর সঙ্গে গতকাল বুধবার বৈঠক করেছেন সেনাপ্রধান প্রাইউথ শান-ওশা৷ তবে কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়েছে বলে জানা গেছে৷ সেনাবাহিনী দেশে সামরিক আইন জারি করার এক দিন পর এই বৈঠক হলো৷ খবর রয়টার্সের৷
সেনাবাহিনী গত মঙ্গলবারের ওই আকস্মিক পদক্ষেপকে অভ্যুত্থান বলতে নারাজ হলেও সেনাপ্রধান প্রাইউথই এখন সংকট নিরসনে যে কেন্দ্রীয় ভূমিকা রাখছেন, তা পরিষ্কার হয়ে গেছে৷ গতকাল বৈঠকে যেসব বিষয় উত্থাপন করা হয়, তার মধ্যে ছিল কীভাবে দেশের রাজনৈতিক ব্যবস্থায় সংস্কার করতে হবে৷ সরকারবিরোধীদের মূল দাবি এটা৷
সরকারপন্থী রাজনৈতিক গ্রুপ ‘রেডশার্ট’-এর নেতা থিডা থাওয়র্নসেঠ বলেন, বৈঠকে প্রতিটি গ্রুপকে বিক্ষোভ বন্ধের আহ্বান জানানো হয়৷ তবে কোনো পক্ষ থেকেই এ বিষয়ে প্রতিশ্রুতি আসেনি৷ বৈঠকে অংশ নেওয়া নির্বাচন কমিশনের মহাসচিব পুচং নুত্রাঅং জানান, আজ বৃহস্পতিবার সব পক্ষ আবার বৈঠকে বসতে পারে৷