দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের জন্য আদালতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের একটি সন্ত্রাস দমন আদালত সে দেশের দুজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার আগে তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ নির্দেশ দেওয়া হয়। এঁদের একজন হলেন রাওয়ালপিন্ডির তৎকালীন পুলিশপ্রধান সৌদ আজিজ এবং অপরজন তাঁর সহযোগী কর্মকর্তা খুররম শাহজাদ। গতকাল রোববার আদালতের বিশেষ কৌঁসুলি চৌধুরী জুলফিকার আলী বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানান। জুলফিকার আলী বলেন, আদালত গ্রেপ্তারের যে আদেশ দিয়েছেন, তা জামিনের অযোগ্য। যেকোনো মুহূর্তে তাঁদের গ্রেপ্তার করা হতে পারে। রাওয়ালপিন্ডিতে আত্মঘাতী হামলায় নিহত হওয়ার সময় ওই দুই কর্মকর্তা বেনজির ভুট্টোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তিনি দাবি করেন, তাঁরা বেনজিরের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন এবং হত্যাকাণ্ডের আলামত নষ্ট করেছেন। জুলফিকার আলী অভিযোগ করেন, অন্য কর্মকর্তাদের বাধা সত্ত্বেও ওই দুই কর্মকর্তা ঘটনাস্থল ধোয়া-মোছা করে আলামত নষ্ট করে ফেলেছিলেন। আদালতের পক্ষ থেকে অবশ্য এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।দীর্ঘদিন নির্বাসন জীবনযাপনের পর ২০০৭ সালে দেশে ফেরেন বেনজির ভুট্টো। ওই বছরের ২৭ ডিসেম্বর তিনি একটি শোভাযাত্রায় যোগ দেওয়ার পর আততায়ীর গুলি ও বোমা হামলায় নিহত হন।জাতিসংঘের একটি তদন্ত কমিশন গত এপ্রিল মাসে নিউইয়র্কে বেনজির হত্যাকাণ্ড সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, যেকোনো বিশ্বাসযোগ্য তদন্ত দলের বেনজির হত্যাকাণ্ডের সঙ্গে সেনাবাহিনী এবং নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া উচিত হবে না। ওই কমিশনের প্রতিবেদনে পাকিস্তানের সেনাবাহিনীর তীব্র সমালোচনা করে বলা হয়েছে, সেনাবাহিনী এই তদন্তকে বাধাগ্রস্ত করেছে।জাতিসংঘ কমিশনের ওই প্রতিবেদনে আরও বলা হয়, সৌদ আজিজকে চেনেন—এমন কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বলেছেন, একজন অভিজ্ঞ কর্মকর্তা হয়েও আজিজ ঘটনাস্থলে ধোয়া-মোছার আদেশ দিয়েছিলেন, এমন কথা তাঁদের ভাবিয়ে তোলে। এতে তাঁর পেশাগত সুনামও ক্ষুণ্ন হয়েছে বলে তাঁরা মন্তব্য করেছেন।বিশ্লেষকেরা বলেছেন, জাতিসংঘ কমিশন পাকিস্তান সরকারকে বেনজির হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে আহ্বান জানালেও সরকার হয়তো এ বিষয়ে আন্তরিক নয়। কারণ সঠিকভাবে তদন্ত চালালে এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তার জড়িত থাকার বিষয়টি ফাঁস হয়ে যেতে পারে—এমন ভয় সরকারের আছে। ডন অনলাইন।