দুই প্রার্থীর বিতর্ক ঘিরে উত্তাপ বাড়ছে
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামার পুনর্নির্বাচন ঠেকাতে রিপাবলিকান পার্টি সর্বাত্মক উদ্যোগ নিয়েছে। আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে উভয় প্রার্থীর মধ্যে তিনটি সরাসরি বিতর্ক অনুষ্ঠিত হবে। মার্কিন রাজনীতিতে প্রার্থীদের সরাসরি বিতর্ক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে দেখা হয়। নির্বাচনের মাত্র দেড় মাস আগের জনমত জরিপে দেখা যাচ্ছে, দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হবে। জনপ্রিয়তায় ওবামা কিছুটা এগিয়ে। তবে বিভিন্ন ‘দোদুল্যমান’ অঙ্গরাজ্যে পার্থক্য কমিয়ে আনবেন মিট রমনি—রিপাবলিকান সমর্থকেরা এমনটিই প্রত্যাশা করছেন। কার্যত যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আগ্রহী জনগণের দৃষ্টি এখন প্রার্থীদের সরাসরি বিতর্কের দিকে। কলারাডো অঙ্গরাজ্যের ডেনভারে ৩ অক্টোবর প্রথম সরাসরি বিতর্ক হবে। অভ্যন্তরীণ বিষয়কে প্রাধান্য দিয়ে উভয় প্রার্থীর মুখোমুখি কথার লড়াই সরাসরি বেতার, টিভি ও ইন্টারনেটে প্রচারিত হবে। ১৬ অক্টোবর নিউইয়র্কে দ্বিতীয় দফা বিতর্ক হবে। ওই বিতর্কে দর্শকেরা প্রার্থীদের সরাসরি প্রশ্ন করবেন। প্রেসিডেন্ট পদে উভয় প্রার্থীর শেষ সরাসরি বিতর্ক হবে ফ্লোরিডা অঙ্গরাজ্যে ২২ অক্টোবর। চূড়ান্ত বিতর্কের বিষয়বস্তু হিসেবে বাছাই করা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি।ডেমোক্র্যাটদের মতে, বিদেশনীতিতে আগের প্রেসিডেন্ট জর্জ বুশের চেয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সাফল্য বেশি। বিষয়বস্তু হিসেবেও বিদেশনীতি নিয়ে প্রেসিডেন্ট ওবামা সব সময়ই ভালো বক্তৃতা দেন। তাঁর সমর্থকদের মতে, চূড়ান্ত বিতর্কে প্রেসিডেন্ট ওবামা রীতিমতো ধরাশায়ী করতে পারবেন মিট রমনিকে।প্রেসিডেন্ট ওবামার প্রচারণা কৌশলবিদ ডেভিড এক্সেলরড জানান, সরাসরি বিতর্কের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট ওবামা রীতিমতো বিতর্কের মহড়ায় যোগ দিচ্ছেন। প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী মিট রমনির দেওয়া প্রতিটি প্রচারণার বক্তব্য খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছেন।