
সিরিয়ায় কথিত জিহাদে অংশ নেওয়ার দায়ে তিন ব্রিটিশ নাগরিককে দণ্ড দিয়েছে যুক্তরাজ্যের আদালত। এরা সিরিয়ায় চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর পক্ষে লড়াইয়ে অংশ নিয়েছেন বলে অভিযোগ।
এরা হলেন মাসুদুর চৌধুরী (৩১), মোহাম্মদ আহমদ (২২) এবং ইউসুফ সারওয়ার (২২)। এর মধ্যে মাসুদুর চৌধুরী ও মোহাম্মদ আহমদ বাংলাদেশি বংশোদ্ভূত এবং ইউসুফ সারওয়ার পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।
আজ শুক্রবার লন্ডনের উলউইচ ক্রাইন কোর্ট মোহাম্মদ আহমদ এবং ইউসুফ সারওয়ারকে ১২ বছর আট মাস করে কারাদণ্ড দিয়েছে। এরা দুজনই বাল্যবন্ধু এবং বার্মিংহামের বাসিন্দা। অন্যদিকে মাসুদুর চৌধুরীর সাজা ঘোষণা হয় গতকাল বৃহস্পতিবার। লন্ডনের কিংসটন ক্রাউন কোর্ট তাঁকে চার বছরের জেলদণ্ড দিয়েছে। দুই সন্তানের জনক মাসুদুর চৌধুরী পোর্টসমাউথের বাসিন্দা। তিনি সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত হওয়া প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।
মাসুদুর চৌধুরী পোর্টসমাউথের আরও চার বাংলাদেশি বংশোদ্ভূত তরুণকে নিয়ে সিরিয়া যান। তারা নিজেদের ‘ব্রিটেনি বাংলাদেশি বেড বয়েস’ বলে পরিচয় দিতেন। বাকি চারজন সিরিয়ায় নিহত হয়েছেন বলে জানা গেছে। গত এপ্রিলে সিরিয়া থেকে ফেরার পথে মাসুদুর চৌধুরী গেইটওইক এয়ারপোর্টে আটক হন।
অন্যদিকে মোহাম্মদ আহমদ এবং ইউসুফ সারওয়ার গত বছরের মে মাসে সিরিয়া যান। বন্ধুদের কাছে পাঠানো ক্ষুদে বার্তার সূত্রধরে এদের সিরিয়া গমনের বিষয়ে জানতে পারে পরিবার। মায়ের আাকুতি মিনতির ফলে দীর্ঘ আট মাস পর ফিরে আসার পথে এরা হিথ্রো বিমানবন্দরে গ্রেপ্তার হন।
ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা পাঁচ শতাধিক ব্রিটিশ নাগরিক সিরিয়া এবং ইরাকে লড়াইয়ে অংশ নিয়েছে। এরমধ্যে অন্তত ২৫ জন ইতোমধ্যে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি বংশোদ্ভূত।