দুই বাংলার লেখকদের এক সুতোয় বাঁধতে বিএলআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার বাঙালি লেখককে সঙ্গে নিয়ে দুই বছর ধরে কাজ করছে টরন্টোভিত্তিক সাহিত্য সংগঠন বেঙ্গলি লিটারারি রিসোর্স সেন্টার (বিএলআরসি)। ২০১৬ সালের ১২ আগস্ট কানাডীয় বাঙালি লেখকদের রচিত পাঁচটি গ্রন্থ প্রকাশের মাধ্যমে আত্মপ্রকাশ করে সংগঠনটি। অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে সরকারিভাবে নিবন্ধিত বিএলআরসি ১৪ অক্টোবর দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে বাঙালি লেখক সম্মেলন। প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে বিএলআরসির নির্বাহী পরিচালক সুব্রত কুমার দাসের সাক্ষাৎকার নেওয়া হয়। পাঠকদের জন্য সেটি তুলে ধরা হলো

সুব্রত কুমার দাস
সুব্রত কুমার দাস


প্রথম আলো: আপনাদের সংগঠনের নাম বেঙ্গলি লিটারারি রিসোর্স সেন্টার। কেন এমন একটি সংগঠন প্রতিষ্ঠার কথা আপনাদের মনে হলো?
সুব্রত কুমার দাস: সময়টা ২০১৪। আমরা সাহিত্যকর্মী বন্ধুরা যখনই টরন্টো তথা কানাডার বাঙালি লেখকদের বিষয়ে আলাপ করতাম তখন কয়েকটি প্রসঙ্গ বারবার উঠে আসত। আমরা খেয়াল করতাম প্রবাসে সত্যিকারের ভালো লেখক অনেক আছেন। কিন্তু দেখতাম খুব কম লেখকই পরস্পরকে চেনেন। খুব কম লেখকই একে অন্যের লেখার সঙ্গে পরিচিত। আরও খেয়াল করতাম, ভাষাগতভাবে এক হলেও বাংলাদেশের বাঙালি ও পশ্চিম বাংলার বাঙালিরা প্রবাসে পরস্পরের সঙ্গে যথেষ্ট সম্পৃক্ত নন। তা ছাড়া আমাদের নজরে আসত অধিকাংশ বাঙালি লেখক কানাডার সাহিত্য সম্পর্কে খুব কম খোঁজখবর রাখেন। স্পষ্ট হতো আমাদের তরুণ প্রজন্ম প্রবাসে বাঙালির ইতিহাস-ঐতিহ্য নিয়ে কম আগ্রহী। কীভাবে এসব বিষয় নিয়ে কাজ করা যায়, তেমন ভাবনা থেকেই আমরা একটি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠার তাগিদ বোধ করি।
সিদ্ধান্ত হয় একটি সংগঠন প্রতিষ্ঠার। নাম রাখা হয় বেঙ্গলি লিটারারি রিসোর্স সেন্টার সংক্ষেপে বিএলআরসি। আমরা কাজটি আটঘাট বেঁধে করার সিদ্ধান্ত নিই। অবশেষে ২০১৫ সালের শুরুতে আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠানের জন্য কানাডা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করি। ওই বছরের ৩০ মার্চ তারিখে আবেদন গৃহীত হয়। সে অর্থে ২০১৫ সালের ৩০ মার্চ বিএলআরসির জন্মদিন। যদিও নিবন্ধনের পর এক বছর ধরে আমরা প্রকাশিত হইনি। শুধু গবেষণা চালিয়েছি আমাদের লক্ষ্যগুলোকে বাস্তবায়ন করতে কী কী করণীয় হবে, কাদের সঙ্গে সংযোগ বাড়াতে হবে, কানাডার কোন কোন সংস্থা আমাদের লক্ষ্যগুলো বাস্তবায়নে সহায়ক হতে পারে ইত্যাদি নিয়ে।
প্রথম আলো: বিএলআরসির মূল লক্ষ্যগুলোর ওপর একটু আলোকপাত করবেন?
সুব্রত কুমার দাস: বিএলআরসি যে লক্ষ্যগুলো সামনে রেখে এগিয়ে চলেছে সংক্ষেপে সেগুলো হলো: কানাডাজুড়ে বিভিন্ন প্রান্তে বসবাসরত বাঙালি লেখকদের এক সুঁতোয় বাঁধা; অভিবাসী বাঙালি লেখকদের লেখা অন্য লেখক-পাঠকের কাছে পরিচিত করানো; কানাডায় অভিবাসী পশ্চিম বাংলার লেখকদের সঙ্গে বাংলাদেশের লেখকদের মেলবন্ধন তৈরি করা; কানাডীয় লেখকদের সঙ্গে বাঙালি লেখকদের সংযোগ স্থাপন; বাঙালি কমিউনিটির তরুণদের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য ও বাঙালির ঐতিহ্য-ইতিহাস বিষয়ে সচেতনতা সৃষ্টি।
প্রথম আলো: সংগঠনের সদস্য কারা? সদস্য হওয়ার জন্য কোন যোগ্যতাকে আপনারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন?
সুব্রত কুমার দাস: শুরুতে তিনজন সদস্য ও পরিচালক নিয়ে গঠিত হলেও বিএলআরসিতে এখন সাতজন পরিচালক রয়েছেন। সভাপতি হিসেবে কাজ করছেন গুয়েল্ফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাখাল সরকার। এ ছাড়া পরিচালক হিসেবে রয়েছেন মুক্তচিন্তক আকবর হোসেন, গবেষক সুজিত কুসুম পাল, কবি শিউলি জাহান এবং সংস্কৃতিকর্মী সুব্রত পুরু। রাজনীতিক ও সমাজকর্মী ফায়েজুল করিম একই সঙ্গে প্রতিষ্ঠানের সচিব ও পরিচালক।
এ ছাড়া প্রতিষ্ঠানে ১৫ জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে টরন্টোর বাইরে থেকেও সদস্য আছেন। রয়েছেন বিভিন্ন বয়সী সাহিত্যকর্মীরাও। তিনজন তরুণও বিএলআরসির সদস্য। নতুন সদস্যরা হলেন সুরজিৎ রায় মজুমদার, মফিজুল হক, রোজানা নাসরীন, চয়ন দাস, কাজী জহির উদ্দীন, মাহমুদ হাসান, নয়ন হাফিজ, সুচনা দাস বাঁধন, সাঈদ যাদীদ, ফারহানা নাজ শম্পা (হ্যালিফ্যাক্স), অর্ক ভট্টাচার্য, অমিত কুমার মুখোপাধ্যায়, মানসী চৌধুরী, জাভেদ ইকবাল এবং কৃত্তা চৌধুরী।
প্রথম আলো: প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কী কী কাজ করেছে বিএলআরসি?
সুব্রত কুমার দাস: প্রতিষ্ঠার পর বিএলআরসির গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিষ্ঠানের ওয়েবসাইট নির্মাণ করা। ঠিকানা: http://en.blrc-org.ca/। এতে শুধু প্রতিষ্ঠানের মানুষদের পরিচিতি নয়, রয়েছে সব কর্মকাণ্ড সম্পর্কেও বিস্তারিত ধারণা। রয়েছে অন্তত একটি বই প্রকাশিত হয়েছে—কানাডায় বসবাসরত এমন বাঙালি লেখকের সংক্ষিপ্ত সাহিত্যিক জীবনী।
এ ছাড়া কানাডায় অভিবাসী পাঁচজন লেখকের ছয়টি বই প্রকাশ করা হয়েছে। পাঁচটি বাংলায়, একটি ইংরেজিতে। দুটি প্রকাশনা অনুষ্ঠানের মাধ্যমে বইগুলো জনসমক্ষে আনা হয়েছে। গত বছর বিএলআরসি সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যাটি প্রকাশ করা হয়েছে। সেটিতে লিখেছিলেন কানাডার বিভিন্ন প্রান্তের ৬৭ জন লেখক। গত বছর ডিসেম্বরে প্রথমবারের মতো কানাডীয় বাঙালি লেখক সম্মেলনের আয়োজন করা হয়। বিপুলসংখ্যক বাঙালি লেখক যোগ দিয়েছেন। এ ছাড়া গত ফেব্রুয়ারিতে মাদার ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যালের আয়োজন করে আমাদের সংগঠন। টরন্টোর সাতটি ভাষার তরুণ-তরুণী অংশ নেয় সে অনুষ্ঠানে।
গত মার্চে শুদ্ধভাবে বাংলা লেখার ওপর একটি কর্মশালারও আয়োজন করা হয়েছিল।
প্রথম আলো: সামনে কী কী পরিকল্পনা রয়েছে আপনাদের?
সুব্রত কুমার দাস: অনেক পরিকল্পনা নিয়ে বিএলআরসি এগিয়ে চলেছে। প্রথমত আগামী বছর ফেব্রুয়ারিতে মাতৃভাষা উৎসব করা হবে আরও বিস্তৃত পরিসরে। এবার চেষ্টা চলছে আরও বেশি ভাষার মানুষকে সম্পৃক্ত করার, অন্য ভাষার বেশি মানুষের মধ্যে মাতৃভাষা দিবসের মূল বার্তা পৌঁছে দেওয়ার।
মার্চ মাসে বিশ্ব কবিতা দিবস পালন করার চেষ্টাও চলছে। বিএলআরসি সে অনুষ্ঠানে বাঙালি কবিদের পাশাপাশি অবাঙালি কবিদের আহ্বান করবে। আমাদের সংগঠন চায় অবাঙালিরা বাঙালি কবিদের কবিতা শুনবেন, বাঙালি কবিরা টরন্টোর অবাঙালি কবিদের কবিতা শুনবেন এবং পরস্পরের কাছে থেকে ঋদ্ধ হবেন।
এ ছাড়া শিগগিরই বছরব্যাপী একটি প্রকল্প শুরু হতে যাচ্ছে। এই প্রকল্পে তরুণদের জন্য ইংরেজি ভাষায় বাংলা সাহিত্য পাঠের ব্যবস্থা করা হবে। উদ্বোধন হবে আগামী ১৮ নভেম্বর। প্রতি মাসে একটি নির্দিষ্ট দিনে তরুণেরা একটি নির্দিষ্ট জায়গায় এসে বই নিতে পারবেন। শেষ হবে আগামী বছরের সেপ্টেম্বরে। বছর শেষে অংশগ্রহণকারীরা তাঁদের পাঠ নিয়ে একটি মূল্যায়ন জমা দেবেন। সেরা দশ মূল্যায়ন নিয়ে প্রকাশ করা হবে একটি স্মরণিকা। শ্রেষ্ঠ তিন মূল্যায়নকারীকে দেওয়া হবে পুরস্কার।
এ ছাড়া বিএলআরসির আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো কানাডার বাঙালি লেখকদের রচনাকে ইংরেজিতে অনুবাদ করে একটি সংকলন (অ্যানথোলজি) প্রকাশ করা। সে-সংকলনে কানাডীয় বাঙালি লেখকদের লেখা গল্প, কবিতা, প্রবন্ধ, সাহিত্য গবেষণা ইত্যাদির ইংরেজি অনুবাদ অন্তর্ভুক্ত হবে।
প্রথম আলো: এবার আসন্ন লেখক সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে কিছু বলুন।
সুব্রত কুমার দাস: টরন্টোতে বাঙালি লেখক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ১৪ অক্টোবর। শহরের ৯ ডজ রোডের কানাডীয় লিজিয়ন হলে এর আয়োজন করা হচ্ছে। শুরু বিকেল ৪টায়। লেখক সম্মেলনের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকছেন কানাডীয় সাহিত্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব টরন্টো পোয়েট লরিয়েট অ্যান মাইকেলস, বিশিষ্ট কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী, কবি ইকবাল হাসান, লেখক ড. দিলীপ চক্রবর্তী, রাইটার্স ইউনিয়ন অব কানাডার নির্বাহী পরিচালক ঔপন্যাসিক, কবি ও কলামিস্ট জন ডেগেন, কানাডার সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রাইটারস ট্রাস্ট অব কানাডার নির্বাহী পরিচালক মেরি অসবরণ। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেবেন বিচেস-ইস্ট ইয়র্ক এলাকার এমপি নাথানিয়েল এসকারিন স্মিথ এবং এমপিপি আর্থার পটস। স্বাগত ভাষণ দেবেন বিএলআরসির সভাপতি গুয়েল্ফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাখাল সরকার। সম্মেলন চলবে রাত ৯টা পর্যন্ত।
বিভিন্ন পর্বে কবিতা, কথাসাহিত্য, গদ্যসাহিত্য নিয়ে আলোচনা ও পাঠে অংশ নেবেন বিপুলসংখ্যক বাঙালি-অবাঙালি তরুণ ও প্রবীণ কবি ও লেখক।
কানাডার কবিতার বাংলা অনুবাদ নিয়ে একটি আড্ডা-পর্ব থাকবে। এ পর্বে যে দুজন কানাডীয় কবি অংশ নেবেন তাঁরা হলেন রোনা ব্লুম এবং আনা ইয়িন। বাঙালি যে দুজন কবি ও অনুবাদক এ পর্বে অংশ নেবেন তাঁরা হলেন ঢাকা থেকে আগত পারভেজ চৌধুরী এবং ভ্যাঙ্কুভার থেকে শাহানা আকতার মহুয়া।
কথাসাহিত্য পর্বে থাকবেন সৈয়দ ইকবাল, সালমা বাণী, ফরিদা রহমান, মামুনুর রশীদ, রোকসানা লেইস, হাসান জাহিদ, শাহিনুর ইসলাম (অটোয়া) ও আবদুল হাসিব (কুইবেকের লংগেইল শহর)।
প্রবন্ধ সাহিত্য পর্বে থাকবেন মন্ট্রিয়ল থেকে তাজুল মোহাম্মদ, সুধীর সাহা (রিসমন্ড হিল), খসরু চৌধুরী, সৈকত রুশদী, নজরুল মিন্টো এবং ফরিদ আহমদ। কবিতা পর্বে যে কবিরা আলোচনা ও পাঠে অংশ নেবেন তাঁরা হলেন অশোক চক্রবর্তী, রুমানা চৌধুরী, শেখর গোমেজ, শওকত সাদী, সুলতানা শিরিন সাজি (অটোয়া), মেহবার রহমান, মৌ মধুবন্তী, শিউলী জাহান এবং মানজু মান আরা।
বাঙালি সাহিত্যিক যাঁরা ইংরেজিতে লেখেন তাঁরাও থাকবেন। যেমন: আয়েশা চ্যাটার্জি, শচী নাগ, দয়ালী ইসলাম, সঞ্চারী সূর এবং রেজা সাত্তার।
এ ছাড়াও বাঙালি কিছু তরুণদের নিয়ে ছোট্ট একটি পর্ব থাকবে। এ বছরের লেখক সম্মেলনে বিএলআরসি সাহিত্য পত্রিকার দ্বিতীয় সংখ্যাটি প্রকাশিত হবে।
কানাডাবাসী বাঙালি লেখকদের বই সম্পর্কে ধারণা লাভ করার জন্য বিনা খরচে লেখকদের বই প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকবে। আগ্রহী লেখকদের সংগঠনের সচিব ফায়েজুল করিমের সঙ্গে (ফোন নম্বর ৬৪৭-৪৭৩-০০৪৭) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এবার লেখক সম্মেলনের প্রস্তুতি কমিটিতে আছেন ফায়েজুল করিম, শিউলী জাহান, চয়ন দাশ, নয়ন হাফিজ, অনিরুদ্ধ আলম, জাভেদ ইকবাল, তাসমিনা খান, অর্ক ভট্টাচার্য, সূচনা দাস বাঁধন এবং অদিতি কাজী।
প্রথম আলো: আমাদের পাঠকদের উদ্দেশে আপনার শেষ কথা কী?
সুব্রত কুমার দাস: ১৪ অক্টোবর অনুষ্ঠেয় কানাডীয় বাঙালি লেখক সম্মেলনে সব বাঙালি লেখক-পাঠককে আহ্বান জানাই।