দুই মা-এক বাবার সন্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দু‌ই নারী ও এক পুরুষের ডিএনএ নিয়ে সন্তান জন্মদানের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। ছবিটি প্রতীকী। ফাইল ছবি: এএফপি
দু‌ই নারী ও এক পুরুষের ডিএনএ নিয়ে সন্তান জন্মদানের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। ছবিটি প্রতীকী। ফাইল ছবি: এএফপি

দু‌ই নারী ও এক পুরুষের ডিএনএ নিয়ে সন্তান জন্মদানের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সমাজের বিভিন্ন স্তরে তুমুল বিতর্কের পর দেশটির প্রজনন নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে একটি ঐতিহাসিক বিধান পাস করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বংশগত জটিল রোগের কারণে নবজাতক শিশুর মৃত্যু রোধ করতেই এই বিধান পাস করা হয়েছে।
যুক্তরাজ্যের নিউ ক্যাসলের চিকিৎসকেরা দীর্ঘ গবেষণার পর ‘আইভিএফ’ বা ‘ইন ভিট্রো ফার্টিলাইজেশন’-এর মাধ্যমে সন্তান জন্মদানের প্রক্রিয়ার আরও উন্নত রূপান্তর ঘটিয়েছেন। এই প্রক্রিয়ায় ২০১৭ সালের শেষের দিকে দু‌ই নারী ও এক পুরুষের ডিএনএ নিয়ে প্রথম সন্তানের জন্ম হতে পারে।
মানব শরীরের প্রায় প্রতিটি কোষে থাকা মাইটোকন্ড্রিয়া, খাদ্যকে শরীরে ব্যবহারযোগ্য শক্তিতে পরিণত করে। কিন্তু মায়ের শরীর থেকে ত্রুটিপূর্ণ মাইটোকন্ড্রিয়া সন্তানের শরীরে যেতে পারে। আর এ ত্রুটিপূর্ণ মাইটোকন্ড্রিয়া সন্তানের মস্তিষ্কের ক্ষয়, পেশি কোষের ক্ষয় থেকে শুরু করে অন্ধত্ব তৈরি এমনকি হৃৎপিণ্ড বিকল করতে পারে। আর এই মাইটোকন্ড্রিয়ার ত্রুটিজনিত রোগে আক্রান্ত হয়ে অনেক শিশুর মৃত্যু হয়েছে।

দু‌ই নারী ও এক পুরুষের ডিএনএ নিয়ে সন্তান জন্মদানের অনুমোদন প্রসঙ্গে হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োলজি অথরিটির (এইচএফইএ) চেয়ারপারসন সালি চেশায়ার বলেন, ‘এই সিদ্ধান্তের ঐতিহাসিক গুরুত্ব অনেক। অনেক সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। এখনও অনেক দূর যাওয়া বাকি। আমি নিশ্চিত, আজ আমরা যে সিদ্ধান্ত নিলাম, তার কারণে রোগীরা সন্তুষ্টই হবে।’

তবে কিছু বিজ্ঞানী ও গবেষক এ বিষয়ে নৈতিকতা ও প্রযুক্তিগত দিক নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে তাঁরা বলছেন, যেসব এলাকায় শিশুদের মাইটোকন্ড্রিয়া জনিত রোগের ঝুঁকি বেশি সেসব এলাকায় ‘থ্রি-পারসনস বেবি’ নামে বহুল আলোচিত-সমালোচিত এই পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে।

এখন দেশটির যে কোনো হাসপাতাল হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োলজি অথরিটির কাছ থেকে লাইসেন্স নিয়ে ‘থ্রি-পারসনস বেবি’ পদ্ধতির চর্চা করতে পারে।

নিউ ক্যাসল ফার্টিলিটি সেন্টারের অধ্যাপক মারি হারবার্ট বলেন, এ বিষয়ে আমাদের অনেক বছরের গবেষণা অবশেষে কাজ করতে চলেছে। ভয়াবহ রোগ থেকে কিছু পরিবারকে সহায়তা করা যাবে। এখন আমরা একদম প্রায়োগিক চিকিৎসার দিকে এগিয়ে যাব। এ জন্য আমাদের ‘এগ ডোনার’ প্রয়োজন।’

জর্ডানের এক দম্পতি ও নিউইয়র্কের চিকিৎসকেরা মেক্সিকোতে এই পদ্ধতিতে ‘থ্রি-পারসনস বেবি’র জন্ম দিয়েছেন। ওই শিশু সুস্থ্য আছে।