দুই মেয়ে নিয়ে ক্ষুদ্র বইয়ের দোকানে ওবামা
উত্তর-পশ্চিম ওয়াশিংটনের ছোট বইয়ের দোকান পলিটিকস অ্যান্ড প্রোস। গত শনিবার তাদের প্রতিদিনের শান্ত রুটিনে ব্যাঘাত ঘটে। দুই মেয়ে সাশা ও মালিয়াসহ এখানে বই কিনতে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় ক্ষুদ্র ব্যবসার উন্নয়নের অংশ হিসেবে ওবামার এ আগমন।
ওবামার অপ্রত্যাশিত আগমনে চাঞ্চল্য দেখা দেয় দোকানের কর্মচারী থেকে সাধারণ ত্রেতাদের মধ্যে। দুই মেয়েসহ ওবামা বইয়ের দোকান ঘুরে বেড়ান। তাঁরা প্রায় দুই ডজন বই কেনেন। এর মধ্যে আছে ঝুম্পা লাহিড়ীর দ্য লোল্যান্ড, কারসন ম্যাকিলেসের দ্য ব্যালাড অব স্যাড ক্যাফে: আদার স্টোরিজ, জ্যাসন ম্যাথিউসের রেড স্প্যারো, খালেদ হোসেইনির দ্য কাইট রানার।
ওবামা বলেন, তালিকা অনেক দীর্ঘ। পাঁচ থেকে ৫২ বছর বয়সী—সবার জন্যই বই আছে।
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ঐতিহ্যের সঙ্গে ছুটির দিনের জন্য উপহার কেনার রেওয়াজ প্রচলিত। এ উপলক্ষে বড় দোকানগুলোতে মূল্যহ্রাস দেওয়া হয়, যাকে বলে ব্ল্যাক ফ্রাইডে, আর সাইবার মানডেতে লাগে অনলাইনে কেনার ধুম। সম্প্রতি যুক্ত হয়েছে শনিবার স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে কেনার রেওয়াজ। রয়টার্স।