দুই মেয়াদে চারবার শপথ
চার মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট। তাই শপথও নিয়েছিলেন চারবার। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা দুই মেয়াদেই শপথ নিলেন চারবার। ত্রিশের দশকের বৈশ্বিক অর্থমন্দা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রুজভেল্ট চারবার (১৯৩৩-১৯৪৫) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরে ১৯৫১ সালে সংবিধান সংশোধন করে একই ব্যক্তির সর্বোচ্চ দুই মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার বিধান কার্যকর করা হয়। তাই দুই মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট ওবামার চারবার শপথ নেওয়ার কোনো সুযোগ নেই। তবে ঘটনাটা একটু ভিন্ন রকম।প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ২০০৯ সালে প্রথম শপথ নেন ওবামা। তবে ক্যাপিটল হিলে ওই শপথ অনুষ্ঠানে একটা বিপত্তি ঘটে। প্রধান বিচারপতি জন রবার্টস শপথবাক্যে তালগোল পাকিয়ে ফেলেন। ফলে ওবামাকে দুবার শপথবাক্য পাঠ করতে হয়। এবার নির্বাচিত হওয়ার পর ২০ জানুয়ারি ওবামার জনসমক্ষে দ্বিতীয় মেয়াদের শপথ নেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু ছুটির দিন হওয়ায় দুই দফা শপথ নিতে হল তাঁকে। এএফপি।