দুই মেয়ে তখন ম্যান্ডেলারই চলচ্চিত্র দেখছিলেন

‘আমার বাবা ভালো আছেন।...৯৫ বছর বয়সী গড়পড়তা মানুষ যেমন থাকেন, সে রকম। কেবল একটু দুর্বল হয়ে পড়েছেন, এই যা।’
গতকাল বৃহস্পতিবার রাতে বাবা নেলসন ম্যান্ডেলাকে নিয়ে এ মন্তব্য করেন তাঁরই মেয়ে জিন্দজি ম্যান্ডেলা। তিনি তখন বাবার জীবনী নিয়ে নির্মিত ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম ছবির উদ্বোধনী প্রদর্শনীতে লাল গালিচা দিয়ে যাচ্ছিলেন। তখনো জানতেন না, এখানেই শুনতে হবে সেই হূদয়চেরা সংবাদ—বাবা আর নেই।
গতকাল রাতে লন্ডনে ওই চলচ্চিত্রের প্রথম প্রদর্শনীতে দর্শক সারিতে অন্যদের সঙ্গে ছিলেন ম্যান্ডেলার ছোট দুই মেয়ে। ছিলেন ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম। ছবিটি চলতে থাকা অবস্থায় খবর এল চিরঘুমে চোখ মুদেছেন ম্যান্ডেলা। সঙ্গে সঙ্গে প্রদর্শনী বন্ধ করে দেওয়ার বিষয়ে কথা ওঠে। কিন্তু ম্যান্ডেলার মেয়েরা তা চাননি।
নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, চলচ্চিত্রটি প্রদর্শনের সময় ম্যান্ডেলার মেয়েদের কাছে বাবার মৃত্যুর খবর পৌঁছে। সঙ্গে সঙ্গেই তাঁরা সিনেমা ছেড়ে বেরিয়ে আসেন।
চলচ্চিত্রের প্রযোজক অনন্ত সিং চলচ্চিত্রটি শেষ হওয়ার পর ম্যান্ডেলার মৃত্যুর বিষয়টি ঘোষণা করেন এবং তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
প্রিন্স উইলিয়াম বলেছেন, ‘এটি অতি মর্মান্তিক ও খুবই বেদনাদায়ক।’
ইদ্রিস এলবা এই চলচ্চিত্রে ম্যান্ডেলার চরিত্রে অভিনয় করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমি খবরটি শোনার পর স্তব্ধ। মাদিবার (ম্যান্ডেলা) পরিবার ও বিশ্বের বাকি সবার মতো শোকাতুর। আমরা একজন মহামানবকে হারালাম। আমি তাঁর সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত।’