দুই লাখ অভিবাসী নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের ভূখণ্ড থেকে আসা একদল শরণার্থীর নৌকা গতকাল গ্রিসের লেসবস দ্বীপের সৈকতে ভেড়ে। তুরস্ক থেকে এভাবে ইউরোপের মাটিতে পা রাখতে গিয়েই বুধবার নৌকা ডুবে মারা যায় সিরীয় শিশু আলান কুর্দি আর তার মা ও ভাই l ছবি: এএফপি
তুরস্কের ভূখণ্ড থেকে আসা একদল শরণার্থীর নৌকা গতকাল গ্রিসের লেসবস দ্বীপের সৈকতে ভেড়ে। তুরস্ক থেকে এভাবে ইউরোপের মাটিতে পা রাখতে গিয়েই বুধবার নৌকা ডুবে মারা যায় সিরীয় শিশু আলান কুর্দি আর তার মা ও ভাই l ছবি: এএফপি

মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ইউরোপমুখী দুই লাখ অভিবাসীকে গ্রহণ করার জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ‘গণ-স্থানান্তর কর্মসূচির’ আওতায় অভিবাসীদের গ্রহণ করতে গতকাল শুক্রবার এ আহ্বান জানানো হয়।
ইউরোপমুখী অভিবাসন-প্রত্যাশীদের বেশির ভাগই প্রথমে ঢুকছেন হাঙ্গেরিতে। সেই হাঙ্গেরিতে একটি আশ্রয়শিবির থেকে ৩০০ অভিবাসী পালিয়ে যাওয়ার পর সার্বিয়ার সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে হাঙ্গেরির পুলিশ। জার্মানি যেতে না দেওয়ায় হাঙ্গেরির বুদাপেস্টে কয়েক শ অভিবাসী গতকাল বিক্ষোভ করেছেন। খবর এএফপি, রয়টার্স, গার্ডিয়ান ও বিবিসির।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান আন্তোনিও গুটিয়েরেস এক বিবৃতিতে বলেন, ‘সুরক্ষা পাওয়ার বৈধ দাবি নিয়ে যাঁরা এসেছেন, তাঁদের অবশ্যই গণ-স্থানান্তর কর্মসূচির আওতায় সুবিধা দিতে হবে। আর এতে ইইউভুক্ত দেশগুলোর বাধ্যতামূলক অংশগ্রহণ থাকতে হবে।...প্রাথমিক হিসাবে মনে হয় দুই লাখ অভিবাসী স্থানান্তরের সুযোগ সৃষ্টি করতে হবে ইইউর দেশগুলোকে।’
তুরস্কের উপকূলে মৃত পড়ে থাকা সিরিয়ার শিশু আইলান কুর্দির প্রসঙ্গ টেনে ইউএনএইচসিআরের প্রধান বলেন, ‘এটা এ সংকটের প্রতীক হয়ে উঠেছে, যা বিশ্ববাসীকে নাড়া দিয়েছে।’
এদিকে হাঙ্গেরির সার্বিয়া সীমান্ত-সংলগ্ন একটি আশ্রয়শিবির থেকে ৩০০ অভিবাসী পালিয়ে যাওয়ায় প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পুলিশ। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, অঘটন এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া অভিবাসীদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হাঙ্গেরি থেকে অস্ট্রিয়া ও জার্মানি যাওয়ার দাবিতে গতকাল বিক্ষোভ করেছেন অভিবাসীরা। গত বৃহস্পতিবার বুদাপেস্টের কেলেটি রেলস্টেশন থেকে কয়েক শ অভিবাসী নিয়ে একটি ট্রেন রওনা হয়। অভিবাসীদের ধারণা ছিল ট্রেনটি জার্মানি যাবে। তবে ৩৫ কিলোমিটার পর্যন্ত গিয়ে ট্রেনটি থেমে যায় এবং দাঙ্গা পুলিশ আরোহী অভিবাসীদের আশ্রয়শিবিরে নেওয়ার চেষ্টা করে। এতে বিক্ষোভ শুরু করেন অভিবাসীরা। গতকাল শুক্রবারও অনেকে ট্রেন থেকে নামতে অস্বীকৃতি জানান। কেউ আবার বিকল্প পথে জার্মানি যাওয়ার জন্য পালিয়ে যান।
ইরাক থেকে যাওয়া শরণার্থী আহমেদ মাহমুদ (৬০) বলেন, ‘জানি না এসব কী হচ্ছে। আঙুলের ছাপ দিলে যেতে দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছিল। আমরা আঙুলের ছাপ দিয়েছি। কিন্তু এখন পশ্চিম ইউরোপে যেতে দেওয়া হচ্ছে না।’
হাঙ্গেরি বলেছে, চলতি বছর ইতিমধ্যে দেশটিতে প্রবেশ করা শুধু নিবন্ধিত অভিবাসীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার। দেশটির অভিবাসনবিরোধী প্রধানমন্ত্রী ভিকটর অরবান গতকাল আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এখন হাজার হাজার অভিবাসী নিয়ে কথা বলতে হচ্ছে। এরপর লাখ লাখ অভিবাসী নিয়ে কথা বলতে হবে। এর কোনো শেষ নেই।’
এদিকে অভিবাসীর প্রবেশ ঠেকাতে হাঙ্গেরি তার সীমান্তের কিছু অংশ বন্ধ করে দেবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেশটির পার্লামেন্টে গতকাল ভোটাভুটি হওয়ার কথা।
মেরকেল-ওলাঁদ বৈঠক: অভিবাসী সংকট নিয়ে প্যারিসে গত বৃহস্পতিবার বৈঠক করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। অভিবাসীদের সহায়তা ও চলমান সংকট মোকাবিলায় একটি যৌথ প্রস্তাব ইইউ ফোরামে তুলে ধরার ব্যাপারে তাঁরা একমত হয়েছেন। চলমান সংকট মোকাবিলায় ইইউভুক্ত দেশগুলোকে সক্রিয়ভাবে ও মূল্যবোধ অনুযায়ী কাজ করা উচিত বলে মত দেন তাঁরা।