দুই শিশুর অন্য ভুবন
সোনালি চুলের ফুটফুটে শিশু দুটির একজনের নাম এলি চ্যালিস, অন্যজনের শার্লট নট। দেখলে মনে হবে দুই বোন। মনেই হবে না নতুন বন্ধুত্ব হয়েছে ওদের। যে অভিন্ন পরিণতি শিশু দুটির মধ্যে এই বন্ধন গড়ে তুলেছে, তা খুবই বেদনাদায়ক। মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছিল ওরা। এটি মস্তিষ্কের প্রদাহজনিত একটি রোগ। এর ক্ষতিকর প্রভাবে হাত ও পা হারাতে হয়েছে ওদের। শিশু দুটির সুন্দর জীবন গুটিয়ে গেছে। তাদের বাস এখন অন্য ভুবনে। সাত বছর বয়সী এলি ও শার্লট দুজনের বাড়িই যুক্তরাজ্যে। অন্য সব শিশুর মতো সুস্বাস্থ্য নিয়েই জন্মেছিল ওরা। এলি ২০০৫ সালে মেনিনজাইটিসে আক্রান্ত হয়। তখন ওর বয়স মাত্র ১৬ মাস। গত ডিসেম্বরে একই রোগে আক্রান্ত হয় তিন বছর বয়সী শার্লট। মরতে মরতে রক্ষা পায় সে। সম্প্রতি ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারে দেখা হয় শিশু দুটির। শার্লটের মা জেনি ড্যানিয়েলস বলেন, এলিকে দেখে খুশি হয়েছে শার্লট। ওর মতো আরেকজনকে পেয়ে তার বন্ধু বনে গেছে। এলি দারুণ মেয়ে। শার্লটকে সে দেখিয়েছে নকল পা দিয়ে কীভাবে ঘুরে বেড়ানো যায়, খেলা যায়। পা ছাড়াও চলাফেরা করে দেখিয়েছে সে। শার্লট ওকে অনুকরণ করে একইভাবে ঘুরে বেরিয়েছে। খামারে ওরা ভেড়াকে খাইয়েছে, খরগোশকে কোলে নিয়ে আদর করেছে। এলির নকল পা দুটি খুব পছন্দ হয়েছে শার্লটের। তার কথা, এমন এক জোড়া পা চাই তার। না পাওয়া পর্যন্ত স্বস্তি নেই। এলির বাবা পল ও মা লিসা তাকে নকল পায়ের ব্যবহার শিখিয়েছেন। এখন সে এই পা দিয়ে স্কুলে যেতে পারে, বাইক চালাতে পারে। জেনি ড্যানিয়েলস বলেন, ‘শার্লটের যখন মেনিনজাইটিস হলো, আমার দুনিয়াটা যেন অন্ধকার হয়ে গেল। ওর ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় পড়ে গেলাম। এখন এলিকে দেখে সাহস ফিরে পেয়েছি। আমার মেয়েও একদিন ওর মতো হুইলচেয়ার ছেড়ে নকল দুই পায়ে হাঁটতে পারবে বলে আশা জেগেছে।’ ডেইলি মেইল অনলাইন।