জাতিসংঘের ঘোষিত নিরাপদ এলাকা বসনিয়া ও হার্জেগোভিনার স্রেব্রেনিত্সায় গণহত্যাকাণ্ড চালানোর দায়ে দুই বসনীয় সার্ব সেনা কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তাঁরা হচ্ছেন ভুজাদিন পপোভিক (৫৩) ও এলজুবিসা বিয়ারা (৭০)। গতকাল জাতিসংঘের যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ ট্রাইব্যুনাল এ রায় দেন। খবর এএফপির।একই মামলায় আরও চারজন সেনা কর্মকর্তা ও একজন পুলিশ কর্মকর্তা দোষীসাব্যস্ত হন। যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে তাঁদের পাঁচ থেকে ৩৫ বছরের দণ্ডাদেশ দেওয়া হয়।বসনিয়ায় যুদ্ধের সময় ১৯৯৩ সালে জাতিসংঘ স্রেব্রেনিত্সাকে ‘নিরাপদ এলাকা’ ঘোষণা করে সেখানে চার শতাধিক নিরাপত্তা কর্মী নিয়োগ করে। কিন্তু আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাতকো ম্লাদিচ নামের এক সার্ব জেনারেলের নেতৃত্বে এক বিশাল বাহিনী ১৯৯৫ সালের ১১ জুলাই স্রেব্রেনিত্সায় হানা দেয়। তারা সেখানকার প্রত্যেক কর্মক্ষম মুসলমান পুরুষ ও বালককে ট্রাকে তুলে নিয়ে পরে ব্রাশফায়ারে হত্যা করে। সব মিলিয়ে প্রায় আট হাজার মুসলমান এই গণহত্যার শিকার হয়।বসনিয়া যুদ্ধের অবসান হলে ২০০৬ সালের জুলাই মাসে স্রেব্রেনিত্সা গণহত্যা মামলার শুনানি শুরু হয়। মামলায় মোট ৩১৫ জন সাক্ষ্য দেন আর পাঁচ হাজার ৩০০-র বেশি প্রমাণ দাখিল করা হয়। রয়টার্স।