দুই সিনেটরকে মিসর পাঠাচ্ছেন ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কংগ্রেসের দুজন প্রভাবশালী সিনেটরকে মিসর সফরে যেতে বলেছেন। নতুন নির্বাচনের জন্য মিসরের শীর্ষ সামরিক কর্মকর্তাদের আহ্বান জানাতে তাঁদের সে দেশে যেতে বলছেন ওবামা। দুই সিনেটরের বরাত দিয়ে গতকাল বুধবার মার্কিন গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়। প্রভাবশালী ওই দুই সিনেটর হলেন বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতা লিন্ডসে গ্রাহাম ও জন ম্যাককেইন। মার্কিন পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা বিষয়ে কংগ্রেসের নেতৃস্থানীয় সদস্যদের মধ্যে রয়েছেন তাঁরা। আগামী সপ্তাহেই তাঁরা মিসর সফরে যেতে পারেন বলে খবরে বলা হয়।সিনেটর গ্রাহাম সিবিএস টেলিভিশনে বলেন, ‘প্রেসিডেন্ট আমাকে ও ম্যাককেইনকে আগামী সপ্তাহে মিসর সফরে যেতে বলেছেন। আমরা সেখানে যাওয়ার উপায় খুঁজে দেখছি।’ মূলত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানাতেই মিসর যাচ্ছেন গ্রাহাম ও ম্যাককেইন। এই সফরে তাঁরা দেশটির শীর্ষ সামরিক নেতা ছাড়াও রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। এএফপি।