দুই সেনাকে না পাঠালে পরিণাম ভালো হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভোট দিতে দেশে যাওয়া ভারতে বিচারাধীন ইতালির দুই মেরিন সেনাকে ফেরত না পাঠালে পরিণাম ভালো হবে না। ভারতের প্রধানমন্ত্রী গতকাল বুধবার পার্লামেন্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ‘তাঁরা যদি তাঁদের প্রতিশ্রুতি না রাখেন, তাহলে ইতালির সঙ্গে আমাদের সম্পর্কে বিরূপ প্রভাব পড়বে।’ইতালির ওই দুই মেরিন সেনার বিরুদ্ধে ভারতের দুজন জেলেকে হত্যার অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় ভারতে তাঁদের বিচার চলছিল। আবার ভারতে ফিরে আসার অঙ্গীকার করার পর সম্প্রতি ইতালিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভোট দিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু এখন আর তাঁরা ভারতে আসছেন না।মনমোহন সিং বলেন, ওই দুই সেনা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এর প্রতি সম্মান দেখাতে ইতালির কর্তৃপক্ষের কাছে তাঁর সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।এদিকে ভারতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হতে পারে বলে খবর প্রকাশিত হয়েছে।তবে ইতালি বলেছে, ওই দুই মেরিন সেনাকে ভারতের হাতে সোপর্দ করা হবে। বিষয়টি আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সমাধানে রাজি আছে ইতালি। সে দেশের রাজধানী রোমে তাঁদের বিরুদ্ধে শুনানি চলছে।মনমোহনের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে ইতালির দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ভারতের সুপ্রিম কোর্ট গত ১৮ জানুয়ারি ইতালির এই দাবি প্রত্যাখ্যান করে জাতিসংঘের সনদ অনুযায়ী দুই দেশকে সমুদ্র আইনের আওতায় সমঝোতায় পৌঁছার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, এ সমস্যার গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর ব্যাপারে রোম সবকিছু করছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। তারা চেষ্টা করবে যাতে দুই দেশের দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চিড় না ধরে। দুই পক্ষের সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে আলোচনায় বসতে প্রস্তুত আছে ইতালি। তবে সমঝোতায় আলোচনা বসার ব্যাপারে ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এএফপি, টাইমস অব ইন্ডিয়া।