দুজনে দুজনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুজনে দুজনার’ বলতে যা বোঝায়, তারা তা-ই। একজনকে ছেড়ে অন্যজন এক মিনিটও থাকতে নারাজ। এদের ‘একজন’ হলো কুকুর, ‘অন্যজন’ ময়না পাখি। চীনের শ্যানদং প্রদেশের জিনান শহরের বাসিন্দা কাইয়াও উ এদের মালিক। এদের বন্ধুত্ব দেখে উ কুকুরটির পিঠে বিশেষ কায়দায় একটি কাঠি বেঁধে দিয়েছেন, যাতে ময়নাটি তার ওপর বসতে পারে। উ বলেছেন, তিনি দীর্ঘদিন ওই কুকুর ও ময়না পাখিকে এক কক্ষে রেখেছিলেন। সে কারণেই হয়তো এদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তিনি জানান, যদি কোনো লোক বা প্রাণী ময়নাটির দিকে যায়, তবে কুকুরটি তার দিকে ঘেউ ঘেউ করতে করতে তেড়ে আসে। অন্যদিকে কুকুরটি যখন শুয়ে বিশ্রাম নেয়, তখন ময়নাটি তার মুখের ওপর বসা মাছি তাড়িয়ে দেয়। নির্মোহ এই বন্ধুত্বের জন্য এ দুটি প্রাণী জিনান শহরে রীতিমতো বিখ্যাত হয়ে উঠেছে। অরেঞ্জ নিউজ অনলাইন।