দুটি পুলিৎজার পুরস্কার পেল নিউইয়র্ক টাইমস
সাংবাদিকতার নোবেল হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার বিজয়ীদের নাম গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঘোষণা করা হয়েছে। গত বছর সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য এ পুরস্কার দেওয়া হয়। এবার নিউইয়র্ক টাইমস পত্রিকা দুটি পুরস্কার পেয়েছে।সোমবার ঘোষিত ফলাফল অনুসারে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুলিৎজার পেয়েছে বার্তা সংস্থা এপি। মুসলমানদের ওপর নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) অহেতুক গোয়েন্দা নজরদারির বিষয়ে প্রতিবেদনের জন্য এ পুরস্কার দেওয়া হয়। এ প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। পরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওই বিষয়ে তদন্ত শুরু হয়।নিউইয়র্ক টাইমস-এর সাংবাদিক ডেভিড কমিনিউয়েস্কি একটি ব্যাখ্যামূলক প্রতিবেদনের জন্য পুলিৎজার পেয়েছেন। প্রতিবেদনে তিনি যুক্তরাষ্ট্রের কর আইনে উচ্চবিত্তদের বিশেষ সুবিধা পাওয়ার বিষয়টি তুলে ধরেছিলেন। পূর্ব আফ্রিকার সংঘাত-সংঘর্ষ নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন তৈরির জন্য পুলিৎজার পেয়েছেন নিউইয়র্ক টাইমস-এর আরেক সাংবাদিক জেফ্রি জেটেলম্যান।পুলিৎজার বিজয়ীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন বার্তা সংস্থা এএফপির চিত্রগ্রাহক মাসুদ হোসেইনি। গত ৭ ডিসেম্বর কাবুলে একটি মাজারে বোমা হামলার পর সারি সারি লাশের মধ্যে ক্রন্দনরত এক বালিকার ছবি তুলেছিলেন তিনি।ব্রেকিং নিউজ রিপোর্টিংয়ের জন্য পুলিৎজার পেয়েছে আলাস্কা থেকে প্রকাশিত দ্য টুসকালোসা। গত বছর তারা আলাস্কায় ঘূর্ণিঝড় আঘাত হানার পর তাৎক্ষণিকভাবে খবর পরিবেশন করেছিল। অনুসন্ধানী প্রতিবেদনের জন্য দ্য সিয়াটল টাইমসও পুলিৎজার পেয়েছে। তারা ওয়াইমিংটন অঙ্গরাজ্যে চিকিৎসাক্ষেত্রে ব্যথানাশক ওষুধ ম্যাথাডোনের মাত্রাতিরিক্ত ব্যবহার নিয়ে প্রতিবেদন করেছিল।