দুদেশের যৌথ সেনা প্রশিক্ষণ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়ি পাতা নিয়ে তিক্ততার জেরে অস্ট্রেলিয়ার সঙ্গে দুটি চলমান সামরিক মহড়া স্থগিত করেছে ইন্দোনেশিয়ার সেনাবাহিনী। বুধবার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো অস্ট্রেলিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা স্থগিতের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই সেনাবাহিনীর প্রধান মোয়োলদোকো যৌথ মহড়া স্থগিতের ঘোষণা দেন।

গতকাল বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হাজারো মানুষ অস্ট্রেলিয়াবিরোধী বিক্ষোভ করে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো, তাঁর স্ত্রী ও কয়েকজন প্রভাবশালী মন্ত্রীর মুঠোফোনে অস্ট্রেলিয়ার গোয়েন্দারা আড়ি পেতেছে বলে অভিযোগ উঠেছে। ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর প্রধান মোয়োলদোকো বলেন, ‘তারা (ক্যানবেরা) যখন আমাদের অবিশ্বাস করে, তখন দুই দেশের সেনাবাহিনীর যৌথ প্রশিক্ষণের মানে কী?’

মোয়োলদোকো জানান, উত্তর অস্ট্রেলিয়ার ডারউইন শহরে চলা যৌথ প্রশিক্ষণ আগামী রোববার শেষ হওয়ার কথা ছিল। তা স্থগিত করা হয়েছে। সেখানে পাঠানো ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান দেশে ফিরে আসবে। ইন্দোনেশীয় সেনাবাহিনীর বিশেষ বাহিনীর সঙ্গে পশ্চিম জাভা প্রদেশে অস্ট্রেলীয় বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়াও স্থগিত করা হয়েছে।

জাকার্তায় অস্ট্রেলীয় দূতাবাসের সামনে গতকাল বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ইন্দোনেশিয়ার পতাকা হাতে অস্ট্রেলিয়াবিরোধী স্লোগান দেন। এ সময় অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা-সংবলিত একটি পোস্টার পোড়ানো হয়। এর আগে বুধবার রাতে যোগিয়াকার্তা শহরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার পতাকা পুড়িয়ে দেয়।

জাকার্তায় জাতীয়তাবাদী সংগঠন দ্য রেড অ্যান্ড হোয়াইট ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশে বলা হয়, ‘আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত।’ আড়ি পাতা নিয়ে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার সম্পর্ক ১৯৯৯ সালে পূর্ব তিমুরে অস্ট্রেলিয়ার সেনা পাঠানোর পর থেকে দুদেশের মধ্যে সম্পর্ক সবচেয়ে খারাপ পর্যায়ে নেমে এসেছে।

ক্ষুব্ধ ইন্দোনেশীয় হ্যাকাররা অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশ ও রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছেন। ইন্দোনেশিয়ার একদল হ্যাকারের দাবি, তাঁরাই ওই দুটি ওয়েবসাইট হ্যাক করেছেন। অস্ট্রেলিয়া সরকার এ সাইবার হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে বলেও জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের হামলার মুখে অস্ট্রেলীয় সরকার তার নীতির পরিবর্তন করবে না।

অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, ওয়েবসাইটগুলোতে স্পর্শকাতর কোনো তথ্য ছিল না। গতকাল সকালে ওয়েবসাইট দুটি বন্ধ পাওয়া যায়।

এদিকে অস্ট্রেলিয়ার রাজধানীতে প্রধানমন্ত্রী টনি অ্যাবটের জন্য আরেক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁর লিবারেল দলের এক কৌশলবিদ দৃশ্যত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্তি নাতালেগাওয়াকে ইঙ্গিত করে টুইটারে বলেছিলেন, ‘চেহারা ও নৈতিকতাবোধ ১৯৭০-এর দশকের এক ফিলিপিনো পর্নো ছবির তারকার মতো এমন এক ব্যক্তি কিনা ক্ষমা চাওয়ার দাবি করছেন।’ সমালোচনার মুখে মার্ক টেক্সটর নামের ওই নেতা দুঃখ প্রকাশ করেন এবং টুইটার বার্তাটি মুছে ফেলেন।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী নাতালেগাওয়া আড়ি পাতার জন্য অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাওয়ার দাবি করেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট ইতিমধ্যে দুঃখ প্রকাশ করলেও ক্ষমা চাইবেন না বলে জানিয়ে দিয়েছেন। এএফপি।