দুবাই হত্যাকাণ্ডে মোসাদ জড়িত থাকার আরও প্রমাণ পেয়েছে দুবাই পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইয়ে হামাস কমান্ডার হত্যাকাণ্ডে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত থাকার ব্যাপারে আরও নিশ্চিত হয়েছে দুবাই পুলিশ। সন্দেহভাজন হত্যাকারীদের টেলিফোন আলাপের রেকর্ড উদ্ধার করা হয়েছে। এ ছাড়া হত্যা মিশনে যোগ দেওয়া মোসাদ সদস্যরা যেসব ক্রেডিট কার্ড ব্যবহার করে, সে সংক্রান্ত তথ্য-প্রমাণও রয়েছে পুলিশের হাতে। দেশটির আরবি ভাষার একটি দৈনিক গতকাল শনিবার এ তথ্য দিয়েছে।দুবাইয়ের পুলিশের প্রধান লে. জেনারেল দাহি খালফানের বরাত দিয়ে আল-বাইয়ান পত্রিকা জানায়, হামাস কমান্ডার মাহমুদ আল-মাবু হত্যাকাণ্ডে মোসাদ সম্পৃক্ত থাকার আরও তথ্য-প্রমাণ পেয়েছে পুলিশ। সন্দেহভাজন খুনিদের টেলিফোনের কথাবার্তা বিশ্লেষণ করে মোসাদের জড়িত থাকার ব্যাপারটি আরও স্পষ্ট হয়ে উঠেছে। খালফান আরও জানান, হত্যাকারীদের কয়েকজন ক্রেডিট কার্ড ব্যবহার করে অন্য দেশ থেকে তাঁদের টিকিট কেনে। পুলিশের কাছে এ সংক্রান্ত তথ্য রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার দুবাই টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে পুলিশের প্রধান বলেন, ওই হত্যাকাণ্ডে মোসাদের সম্পৃক্ততার ব্যাপারে দুবাই পুলিশ ৯৯ ভাগ নিশ্চিত হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বিলাসবহুল হোটেল থেকে গত ২০ জানুয়ারি হামাস কমান্ডার মাহমুদ আল-মাবুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে পুলিশ বলে আসছে ১১ ইউরোপীয় নাগরিকের জাল পাসপোর্ট ব্যবহার করে মোসাদ সদস্যরা ওই হত্যাকাণ্ড চালায়।সেই ছয়জনকে নতুন পাসপোর্ট দিচ্ছে ব্রিটেনদুবাই হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহভাজন ব্যক্তিরা যে ছয় ব্রিটিশ নাগরিকের পরিচয়পত্র ব্যবহার করেছে, সেই ছয় নাগরিকেরা যাতে গ্রেপ্তার এড়াতে পারেন এ জন্য তাঁদের নতুন পাসপোর্ট দিচ্ছে ব্রিটেন। গত শুক্রবার ব্রিটিশ দূতাবাসের এক মুখপাত্র এ তথ্য দেন। তেলআবিবের ব্রিটিশ কনস্যুলার ইসরায়েলে বসবাসরত ওই ছয় ব্রিটিশ নাগরিককে দূতাবাসে এসে নতুন পাসপোর্ট সংগ্রহের জন্য অনুরোধ জানিয়েছে। এএফপি।