দুবাইয়ের ‘দ্য ওয়ার্ল্ড’ ডুবছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দ্য ওয়ার্ল্ড’ ডুবছে। বিশ্বের মানচিত্রের আদলে গড়া দুবাইয়ের একগুচ্ছ কৃত্রিম দ্বীপের মিলিত নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড। এই দ্বীপগুলোকে বিলাসবহুলভাবে গড়ে তোলার একটি উচ্চাভিলাষী পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু দুঃখজনক খবর হচ্ছে, দ্বীপগুলো সাগরে ডুবে যাচ্ছে। প্রকল্পটি এখন এক সংকট অবস্থায়। একটি ট্রাইব্যুনালে উত্থাপিত নথিপত্রে এই দাবি করা হয়েছে।দ্য ওয়ার্ল্ড নামের এই দ্বীপগুলোয় অত্যাধুনিক হোটেল কমপ্লেক্স ও বিলাসবহুল ভিলা নির্মাণ করে তা বিত্তবান ব্যক্তিদের কাছে বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই দ্বীপগুলোয় যাওয়ার মাধ্যম ইয়ট কিংবা ইঞ্জিনচালিত নৌকা। দ্বীপগুলোর বালু ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। এমনকি এদের মধ্যকার নৌ-যোগাযোগের পথও বালুতে ভরে যাচ্ছে। দুবাইয়ের সরকারি মালিকানাধীন আবাসন প্রতিষ্ঠান নাখিলের বিরুদ্ধে একটি কোম্পানির করা মামলায় এই অভিযোগ করা হয়। পেঙ্গুইন মেরিন কোম্পানির আইনজীবী রিচার্ড উইলমট-স্মিথ কিউসি বলেন, ‘দ্বীপগুলো ধীরে ধীরে সাগরে ঢুবে যাচ্ছে।’ সরকারি মালিকানাধীন বৃহৎ করপোরেশন দুবাই ওয়ার্ল্ডের অঙ্গ-প্রতিষ্ঠান নাখিল। কোম্পানির হিসাব অনুযায়ী দ্য ওয়ার্ল্ডের ৭০ শতাংশ দ্বীপ বিক্রি হয়ে গেছে। পেঙ্গুইন মেরিন দ্বীপপুঞ্জে লোকজন পারাপারের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। কিন্তু ব্যবসা কম হওয়ায় কোম্পানিটি এখন চুক্তি থেকে বের হয়ে আসতে চাইছে। কোম্পানিটি নাখিলকে বছরে প্রায় ১০ লাখ ডলার পরিশোধ করে থাকে।পেঙ্গুইনের দাবি, দ্বীপ নিয়ে কাজকর্ম বন্ধ হয়ে গেছে। আইনজীবী উইলমট-স্মিথ প্রকল্পটিকে ‘মৃত’ হিসেবে বর্ণনা করেছেন। নাখিলের পক্ষে গ্রাহাম লোভেট বলেন, প্রকল্পটি শেষ হয়ে যায়নি। তবে তিনি স্বীকার করেন, ‘এটি কোমায় রয়েছে।’ দ্য টেলিগ্রাফ।