দুবার গর্ভধারণ, ৩ সন্তানের জন্ম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের এক নারী পরপর দুবার গর্ভধারণ করে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মানুষের ক্ষেত্রে এ ধরনের ঘটনা বেশ বিরল। গত ১০০ বছরে পরপর দুবার গর্ভধারণ করে একসঙ্গে সন্তান জন্ম দেওয়ার ঘটনা ঘটেছে এ নিয়ে মাত্র ষষ্ঠবার।

প্রথমে ওই ব্রিটিশ নারীর গর্ভে যমজ ভ্রূণ আছে বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। এর মাসখানেক পরে চিকিৎসকেরা জানান, আবার গর্ভধারণ করেন তিনি। ধারণা করা হচ্ছে, দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে ওই
নারী পুনরায় গর্ভধারণ করেন।

এমন গর্ভধারণের নাম সুপারফিটেশন। এ প্রক্রিয়ায় দেহে একটি ভ্রূণ বাড়তে থাকা অবস্থাতেই আরেকটি ভ্রূণের সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা বলছেন, এমন গর্ভধারণ সাধারণত ঘটে না, তবে অসম্ভব নয়।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সাইমন ফিশেল বলেন, এ ধরনের ঘটনা প্রথম নজরে আসে ১৮৬৫ সালে। এরপর আরও এমন ঘটনা ঘটেছে। কিছুদিন আগে রোমে এমন ঘটনার কথা শোনা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার মাসের ব্যবধানে ওই নারী গর্ভধারণ করেছিলেন।

তবে সব সময় এসব ঘটনার পরিণতি সুখের হয় না। অধ্যাপক ফিশেল বলেন, অনেক ক্ষেত্রে গর্ভেই আরেকটি ভ্রূণের মৃত্যু হয়। কারণ, একাধিক ভ্রূণের কারণে যেকোনো একটির বৃদ্ধির থেমে যেতে পারে। সে ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের আগেই অস্ত্রোপচার করতে হয়।

সুপারফিটেশন হলে গর্ভের মধ্যে কীভাবে একাধিক ভ্রূণ খাপ খাইয়ে নেয় বা সেগুলোর মধ্যে খাদ্য নিয়ে প্রতিযোগিতা সৃষ্টি হয় কি না, সেই বিষয়টি এখনো স্পষ্টভাবে জানা যায়নি। অধ্যাপক ফিশেল বলেন, ‘বেড়ে ওঠা ভ্রূণ সঠিকভাবে খাদ্য ও পুষ্টি পাচ্ছে কি না, তা নির্ভর করে ভালো মানের অমরার ওপর। ব্রিটিশ নারীর ক্ষেত্রে অমরা ভালো ও স্বাভাবিকভাবে বেড়ে উঠেছিল বলেই সুস্থ সন্তানের জন্ম হয়েছে।’

তবে মানুষ ছাড়া অন্য স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে সুপারফিটেশন প্রায়ই ঘটে থাকে। ঘোড়া, খরগোশ ও ভেড়ার ক্ষেত্রে এটি স্বাভাবিক একটি ঘটনা।