দুভালিয়েরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
হাইতির সাবেক একনায়ক জ্যঁ-ক্লদ ‘বেবি ডক’ দুভালিয়েরের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। সরকারি কৌঁসুলিরা এ কথা জানান। ১৯৭১ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত হাইতির ক্ষমতায় ছিলেন দুভানিয়ের।গত মঙ্গলবার দুভালিয়েরকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের ওপর শুনানি হবে কি না—এখন আদালত এ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।হাইতির সাবেক এই নেতা তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। ২৪ বছর নির্বাসনে থাকার পর গত রোববার দুভালিয়ের আকস্মিকভাবে দেশে ফিরে আসেন।ক্ষমতায় থাকাকালে প্লেবয় হিসেবে পরিচিত ছিলেন দুভালিয়ের। দেশ নিয়ন্ত্রণের জন্য তিনি নিষ্ঠুর মিলিশিয়া বাহিনী ব্যবহার করেছিলেন বলে অভিযোগ রয়েছে।দেশে ফিরে দুভালিয়ের বলেন, গত বছরের ভূমিকম্পে বিধ্বস্ত দেশকে সহায়তার জন্য তিনি ফিরে এসেছেন।রাজধানী পোর্ট অ প্রিন্সের প্রধান কৌঁসুলি আরিসতিদাস অগুস্ত বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দুভালিয়েরের বিরুদ্ধে দুর্নীতি, চুরি ও সরকারি তহবিল তসরুফসহ বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়েছে।দুভালিয়েরের শাসনামলে নির্যাতন ও হাজারো মানুষকে হত্যার অভিযোগে তাঁকে বিচারের সন্মুখীন করার জন্য জোরালো দাবি উঠেছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে।দুভালিয়ের বর্তমানে রাজধানী পোর্ট অ প্রিন্সের কেন্দ্রস্থলে একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করছেন।রাষ্ট্রীয় তহবিল থেকে চুরির অভিযোগে গত মঙ্গলবার দুভালিয়েরকে জিজ্ঞাসাবাদ করেন হাইতির প্রধান কৌঁসুলি ও একজন বিচারক।দুভালিয়েরের আইনজীবী জাইভেইস চার্লস বলেন, ‘হ্যাঁ, তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।’দুভালিয়েরকে প্রথমে হোটেলে জিজ্ঞাসাবাদ করেন দেশের প্রধান সরকারি কৌঁসুলি। এক ঘণ্টা পর তাঁকে পুলিশ পাহারায় আদালতে নেওয়া হয়। সেখানে একদল বিচারক তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তিনি হোটেলে ফিরে যান। বিবিসি ও এএফপি।