বন্যা-পরবর্তী পানিবাহিত রোগবালাই পাকিস্তানের লাখ লাখ দুর্গত মানুষের জন্য নতুন হুমকি হয়ে দেখা দিয়েছে। ইতিমধ্যে শিশুসহ প্রায় ৩৬ হাজার মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেনসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা হুঁশিয়ারি দিয়ে বলেছে, বন্যাদুর্গত এলাকার প্রায় ৬০ লাখ শিশু ডায়রিয়া, অপুষ্টি ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। কিছু এলাকায় পানি কমা শুরু করলেও এখনো বেশির ভাগ এলাকা নিমজ্জিত রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, পানি সরে যাওয়ার পর রোগ বিস্তারের ঝুঁকি বেশি। এদিকে গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রথমবারের মতো বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ত্রাণ তৎপরতায় সাহায্য করা অব্যাহত রেখেছে। তবে দুর্গত এলাকার কোথাও কোথাও দুর্বৃত্তরা প্রকাশ্যে লুটপাট চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। ইসলামাবাদে সেভ দ্য চিলড্রেনের মুখপাত্র মোহাম্মাদ কাজিলবাস বলেছেন, কলেরা ও ম্যালেরিয়া মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এটাই এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। তিনি বলেন, দক্ষিণ পাঞ্জাব ও সিন্ধু রাজ্যে নদীর খুব কাছে বিপুল জনগোষ্ঠীর বাস। তাদের মধ্যে কিছু লোক আছে, যারা অস্থায়ী ছাপড়াঘরে অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে। সেখানে স্বাস্থ্যকর পায়খানা না থাকায় মলমূত্র বন্যার পানিতে মিশে যাচ্ছে। শিশুরা ওই পানি খাচ্ছে এবং দূষিত পানিতে গোসল করছে। দ্রুত পয়োনিষ্কাশনব্যবস্থা ঠিক করা না গেলে ছয় মাসের মধ্যে সেখানকার লাখ লাখ শিশু ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হবে।ইউনসেফ বলেছে, ৬০ লাখ শিশু এ বন্যায় স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। তাদের হিসাব অনুযায়ী অন্তত ২৭ লাখ শিশুকে জরুরি ভিত্তিতে স্বাস্থ্য-সহায়তা দেওয়া দরকার। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র আমজাদ জামাল বলেছেন, উপদ্রুত এলাকার পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। কৃষি কর্মকর্তারা বলেছেন, বন্যায় বিশাল এলাকার খাদ্যশস্য বিনষ্ট হয়ে গেছে। ফলে দেশটিতে খাদ্য ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। ফসলের পাশাপাশি বহু রাস্তাঘাট ও ভৌত অবকাঠামো ভেঙে পড়েছে। আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ পাকিস্তান অর্থনৈতিক বিপর্যয়ে পড়ার আশঙ্কা ব্যক্ত করেছে। দেশটির অর্থ মন্ত্রণালয় বলেছে, এ বছর ৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এ বন্যার কারণে সে লক্ষ্য পূরণ করা সম্ভব নাও হতে পারে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে পাকিস্তানকে জরুরি সহায়তা হিসেবে সাত কোটি ১০ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। ত্রাণসহায়তা দেওয়ার জন্য এক হাজার মার্কিন নৌ-সেনা গত বৃহস্পতিবার করাচি এসে পৌঁছেছে। এদিকে বন্যাকবলিত এলাকায় দুর্বৃত্তরা অবাধে লুটপাট চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তাঁরা অস্ত্রের মুখে লোকজনের গরু-ছাগল ও খাদ্যশস্য ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এএফপি।