দুর্গত মানুষের পাশে ওবামা-রমনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক দিন আগে গত সোমবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রে আঘাত হানল প্রলয়ংকরী ‘হারিকেন স্যান্ডি’। ঝড়ের ভয়াবহতার মুখে দুই প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান পার্টির মিট রমনি প্রচারণা স্থগিত রেখে জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে স্যান্ডি আঘাত হানার পর তাৎক্ষণিকভাবে দুই প্রার্থী প্রচারণা স্থগিত করেন। পরিস্থিতি মোকাবিলা ও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রচারণা ছেড়ে হোয়াইট হাউসে ফিরে গিয়েছিলেন প্রেসিডেন্ট ওবামা। অন্যদিকে সোমবার কয়েকটি প্রচারণা বাতিল করার পর রমনি গতকাল ওহাইও অঙ্গরাজ্যে কয়েকটি ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন। গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যটিতে ঝড়ের আগেই প্রচারণা চালানোর দিনক্ষণ ঠিক করা হয়েছিল। ওবামাও ত্রাণ কার্যক্রম নিবিড়ভাবে পরিচালনা করছেন। দুর্দশাগ্রস্ত জাতিকে সর্বোচ্চ অবস্থান থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি। নির্বাচনের আগে ঝড় দুই প্রার্থীর প্রচারণা কৌশলকেই অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। হোয়াইট হাউসে জরুরি কর্মকর্তাদের বৈঠকে গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্র ফ্লোরিডা, ওহাইও ও ভার্জিনিয়ার ভয়াবহতার বিষয়ে সতর্ক করে দিয়ে ওবামা বলেছেন, ‘সবচেয়ে বড় বিষয় হলো, যুক্তরাষ্ট্র যখনই কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যায়, তখন আমরা সবাই মিলে পরিস্থিতির সামাল দিই।’ এএফপি।