দুর্গাপূজা উদ্যাপনে মন্ট্রিয়েলে ব্যাপক কর্মসূচি গ্রহণ
আসন্ন শারদীয় দুর্গোৎসব যথাযথভাবে উদ্যাপনের লক্ষ্যে মন্ট্রিয়েলে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নগরের মন্ক স্ট্রিটের সনাতন ধর্ম মন্দিরে ১৮ আগস্ট এক প্রস্তুতি সভা হয়েছে। সনাতন ধর্ম মন্দির বোর্ডের পরিচলনা পর্ষদের সহসভাপতি দীপক ধর অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্দির পরিচালনা পর্ষদ ও বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন অফ কুইবেকর সদস্যরা ছাড়াও শুভাকাংখিরা উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন মন্দিরের সাধারণ সম্পাদক অনুপ চৌধুরী মিঠু। এতে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পুরো পাঁচদিনই জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে উদ্যাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় অনুপ চৌধুরী মিঠু পূজার বিভিন্ন কর্মসূচিতে গ্র্যান্ড স্পনসর, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংকলন প্রকাশনা ইত্যাদি বিষয়ে প্রস্তাবনা ও এর অগ্রগতি সম্পর্কে সভায় জানান। দুর্গাপূজার পর লক্ষ্মীপূজা ও কালিপূজা উদ্যাপনের কর্মসূচি নিয়েও সভায় আলোচনা হয়। দুর্গোৎসবে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে পূজার প্রতিদিন অর্চনা,
ভোগ, অঞ্জলি, ভজন, কীর্তন, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিদিন দুপুর ও রাতে নিরামিষ প্রসাদ বিতরণ, দশমীতে সিঁদুর ছোঁয়া ও শুভেচ্ছা বিনিময়, শারদ সংকলন প্রকাশনা ইত্যাদি।
মন্ট্রিয়েলে বাংলাদেশি হিন্দুদের আয়োজনে পূজার ২৫ বছর পার হয়েছে। এ উপলক্ষে কালি পূজার পর পূজা পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মন্দির কার্যক্রম নিয়েও আলোচনা হয়। মন্দিরের তহবিল গঠনে নানা প্রস্তাবনা, সংস্কারমূলক ও প্রতিদিনের কাজে বেশি বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং পূজার প্রতিটি অনুষ্ঠান বরাবরের মতো সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানসম্পন্ন ও সুচারুরূপে করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সিলেটের ব্যবসায়ী বর্তমানে মন্ট্রিয়েলে সপরিবারে স্থায়ীভাবে বসবাসরত তমাল কৃষ্ণ পাল মন্দিরের নতুন কার্পেটের জন্য যাবতীয় অর্থ (প্রাক্কলিত ৯ হাজার ডলার) অনুদান দেওয়ার ঘোষণা দেন।
এ ছাড়া মন্দিরের পরিচালক সুদীপ্ত পুরকায়স্থ দুর্গাপূজায় এক হাজার ডলার চাঁদা দেওয়ার ঘোষণা দেন। সভায় আলোচনায় অংশ নেন মন্দিরের পুরোহিত রীতিশ চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন অব কুইবেকের আহ্বায়ক বাদল চন্দ্র সাহা, ফণীন্দ্র কুমার ভট্টাচার্য, শ্যামল দত্ত, বিজন সাহা, নির্মল দাস, সত্যব্রত হালদার, তেজেন্দ্র লাল দাস, বিজয় ভূষণ দেব চৌধুরী, তৃপ্তি দাস, রত্না সাহা, বাবলা দেব, সুদীপ্ত পুরকায়স্থ, পার্থ সারথি দে, সঞ্জীব কুমার দেব, উজ্জ্বল কুমার দেব উমা, শংকর দে, শর্মিলা ধর, তমাল কৃষ্ণ পাল, স্বরাজ চৌধুরী, বুলু দত্ত, যীশু ঝলক দেব রায়, চপল দেব প্রমুখ। এতে আসন্ন পূজানুষ্ঠানগুলো সফল করার লক্ষ্যে কমিউনিটির সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
আগামী ২৬ সেপ্টেম্বর ষষ্ঠীদি কল্পারম্ভের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের শুভ সূচনা হবে। সনাতন ধর্ম মন্দিরে বিগত বছরগুলোর মতো এবারও প্রতিটি পূজা তিথি মতে উদ্যাপন করা হবে। বিজ্ঞপ্তি