দুর্ঘটনায় নিশ্চিহ্ন পুরো পরিবার
ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত উড়োজাহাজটিতে মালয়েশিয়ার নাগরিক ছিল ৪৪ জন। তাদের মধ্যে একই পরিবারের ছয় সদস্যের সবাই নিহত হয়েছে। তারা তিন বছর পর কাজাখস্তান থেকে মালয়েশিয়ায় ফিরছিল। খবর এএফপির।
ওই ছয়জন হলেন তাম্বি জাইয়ি (৪৯), তাঁর স্ত্রী আরিজা গাজালি (৪৬) এবং তাঁদের চার সন্তান। উড়োজাহাজ বিধ্বস্ত হলে অন্য যাত্রীদের সঙ্গে তাঁদেরও একই পরিণতি হয়।
গতকাল শনিবার মালয়েশিয়ার বিভিন্ন দৈনিকে ৭২ বছর বয়সী আরিজার মা জামিলাহ নুরিয়াহ আবাং আনোয়ারার কান্নারত ছবি বিশেষ গুরুত্বসহকারে ছাপানো হয়। বর্নিও দ্বীপের পূর্বাঞ্চলীয় রাজ্য সারাওকের নিজ বাড়িতে তিনি গণমাধ্যমকে বলেন, ‘চোখের পলকে আমি আমার মেয়ে এবং তাঁর পুরো পরিবারকে হারিয়েছি।’
মালয়েশিয়ার উদ্দেশে যাত্রার আগে আরিজা ফেসবুকে লাগেজসহ তাঁদের একটি ছবি দেন। ছবির সঙ্গে সংযুক্ত বার্তায় তিনি লেখেন, ‘আল্লাহর দরবারে শুকরিয়া, ১৭ জুলাই ২০১৪ আমরা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি।’